ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলের খেলার সময় লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে বিদ্যুৎকেন্দ্রে হামলা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৩:৫৬:০০ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৫:৩১:২৫ অপরাহ্ন
ব্রাজিলের খেলার সময় লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে বিদ্যুৎকেন্দ্রে হামলা ফাইল ছবি
যশোরে লোডশেডিংয়ের প্রতিবাদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা করেছেন ক্ষুব্ধ গ্রাহকরা। এ সময় রবিউল ইসলাম (৪০) নামে উপকেন্দ্রে কর্মরত এক লাইনম্যানকে পিটিয়ে আহত করে তার ব্যক্তিগত ফোন, নগদ অর্থসহ কল সেন্টারের স্মার্টফোন লুট করার অভিযোগ উঠেছে।

সোমবার (২৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে ব্রাজিলের খেলা চলাকালে অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় ৩৩/১১ কেভি, ২৫ এমভিএ অভয়নগর-২ উপকেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ নওয়াপাড়া জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মেহেদুল ইসলাম মেহেদী।

তিনি বলেন, ‘সোমবার রাত সাড়ে ১১টার দিকে লোডশেডিং চলাকালে ৪০-৫০ জন ক্ষুব্ধ গ্রাহক লোহার গেট ভেঙে চেঙ্গুটিয়া ২৫ এমভিএ উপকেন্দ্রে প্রবেশ করেন। তারা কর্মরত লাইনম্যান রবিউল ইসলামকে পিটিয়ে আহত করেন এবং তার ব্যক্তিগত ফোন, নগদ অর্থ ও কল সেন্টারে ব্যবহৃত স্মার্টফোনটি লুট করে নিয়ে যান। আহত রবিউলকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।’
 
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘খবর পাওয়ার পর রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
 
এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘সকালে চেঙ্গুটিয়া এলাকায় বিদ্যুৎ উপকেন্দ্রটি পরিদর্শন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
 
বাংলাস্কুপ/ প্রতিনিধি/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ