ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে এক ঘণ্টায় তিনবার ভূমিকম্প অনুভূত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ১১:১৭:০২ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ১২:৪৬:৩৭ অপরাহ্ন
দেশে এক ঘণ্টায় তিনবার ভূমিকম্প অনুভূত ফাইল ছবি
এক ঘণ্টারও কম সময়ে বাংলাদেশের পূর্ব ও উত্তরাঞ্চলের নিকটবর্তী এলাকায় তিনটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২৯ জুন) ভোর ৪টা থেকে ৫টার মধ্যে ভারতের মণিপুর, অরুণাচল প্রদেশ-ভুটান সীমান্ত এবং ভারতের মেঘালয়ে, সুনামগঞ্জের উত্তরের এলাকায় এসব ভূমিকম্পের উৎপত্তি হয়।

এর আগে রোববার (২৮ জুন) রাতেও কক্সবাজার-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়।

ভারতের সরকারি ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় ভোর ৪টা ১২ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে মণিপুরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫ এবং উপকেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠের ৫৯ কিলোমিটার গভীরে।

এর মিনিট পাঁচেক পর ভোর ৪টা ১৭ মিনিটে অরুণাচল প্রদেশ ও ভুটান সীমান্তবর্তী এলাকায় ৩ দশমিক ০ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এটির উপকেন্দ্র ছিল মাত্র ৭ কিলোমিটার গভীরে, যা অগভীর ভূমিকম্প হিসেবে বিবেচিত।

সবশেষে ভোর ৫টা ৫ মিনিটে সুনামগঞ্জ জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্যে ২ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এর উপকেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এর আগে রোববার রাত পৌনে ১০টার দিকে কক্সবাজারসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কক্সবাজার-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায়। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ