মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন, ১০ মিনিটের জন্য বন্ধ ছিল চলাচল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৮-০৬-২০২৬ ১১:৪৫:৪১ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৮-০৬-২০২৬ ১১:৪৫:৪১ পূর্বাহ্ন
ছবি : সংগৃহীত
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মেট্রোরেলের ওভারহেড উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে একাধিক গ্যাস বেলুন আটকে যায়। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে প্রায় ১০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। পরে বেলুনগুলো অপসারণের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রোববার (২৮ জুন) সকালে এমআরটি লাইন-৬–এর দায়িত্বশীল একটি সূত্র জানায়, সকাল ৬টা ৪০ মিনিটের দিকে নিয়মিত পরিদর্শনের জন্য চলা সুইপিং ট্রেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের কাছে রাজু ভাস্কর্যের সামনে ওভারহেড লাইনে কয়েকটি গ্যাস বেলুন ঝুলতে দেখে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল বন্ধ রেখে বেলুন অপসারণের কাজ শুরু করা হয়। প্রায় ১০ মিনিটের মধ্যেই সেগুলো সরিয়ে ফেলার পর আবার ট্রেন চলাচল শুরু হয়।
মেট্রোরেলের উচ্চ ভোল্টেজের ওভারহেড লাইনে উড়ে আসা বিভিন্ন বস্তু আটকে যাওয়ার ঘটনা নতুন নয়। গত কয়েক বছরে ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন, প্লাস্টিক ও কাপড় আটকে যাওয়ার কারণে একাধিকবার সাময়িকভাবে সেবা বন্ধ রাখতে হয়েছে।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে কাজীপাড়া এলাকায় একটি ঘুড়ি আটকে পড়ায় প্রায় ৪০ মিনিট মেট্রোরেল চলাচল ব্যাহত হয়। একই বছরের বর্ষবরণ উৎসবের পর ফানুস ও প্লাস্টিকজাতীয় বস্তু সরিয়ে লাইন সচল করতে হয়। ২০২৫ সালের ডিসেম্বরে উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি একটি কাপড় আটকে যাওয়ায় প্রায় ১৫ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। চলতি বছরের এপ্রিলে কারওয়ান বাজার এলাকায় একটি গ্যাস বেলুন ওভারহেড লাইনে আটকে পড়ায় প্রায় ১৪ মিনিট সেবা বন্ধ রাখতে হয়েছিল।
সর্বশেষ টিএসসি এলাকায় একই ধরনের ঘটনায় আবারও স্পষ্ট হলো, ওভারহেড বৈদ্যুতিক লাইনের আশপাশে গ্যাস বেলুন, ঘুড়ি কিংবা অন্য কোনো উড়ন্ত বস্তু উড়ানো মেট্রোরেলের নিরাপদ চলাচলের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স