ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে পাগলা মসজিদে চিঠি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ০৫:৫৪:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ০৫:৫৬:০২ অপরাহ্ন
​বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে পাগলা মসজিদে চিঠি ​ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে কোটি কোটি টাকার পাশাপাশি প্রতিবারই মনোবাসনা পূরণের আশায় লেখা নামে-বেনামে অসংখ্য চিঠি পাওয়া যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার পাওয়া চিঠিগুলোর মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী একটি চিঠিতে ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন এক ফুটবলপ্রেমী।

শনিবার (২৭ জুন) সকাল ৭টায় প্রায় ছয় মাস পর পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। দানবাক্সগুলো থেকে এবার রেকর্ড পরিমাণ ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। পরে সেগুলো মসজিদের দ্বিতীয় তলায় এনে গণনার কাজ শুরু হয়। গণনার সময় টাকার পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের লেখা অসংখ্য চিঠিও পাওয়া যায়।

এসব চিঠির মধ্যে একটিতে একজন নিজেকে একজন স্বপ্নবাজ বাংলাদেশি ফুটবলপ্রেমী হিসেবে পরিচয় দিয়ে মহান আল্লাহর কাছে বাংলাদেশের ফুটবলের উন্নতি এবং ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের জন্য দোয়া চেয়েছেন।

চিঠিতে লেখা ছিল, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। হে আল্লাহ, আপনি সর্বশক্তিমান। আপনার কাছে আমার একটি প্রিয় স্বপ্নের কথা জানাচ্ছি। আমি চাই ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে আমার প্রিয় বাংলাদেশ অংশগ্রহণ করুক। লাল-সবুজের পতাকা বিশ্বমঞ্চে উড়ুক। হে আল্লাহ, আমাদের দেশের ফুটবলের উন্নতি করুন, খেলোয়াড়দের সফলতা দান করুন এবং বাংলাদেশকে বিশ্বমঞ্চে গৌরবের সঙ্গে তুলে ধরার তাওফিক দিন। আমিন।

— একজন স্বপ্নবাজ বাংলাদেশি ফুটবলপ্রেমী।’

পাগলা মসজিদের দানবাক্সে প্রতিবছরই অর্থের পাশাপাশি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে লেখা অসংখ্য চিঠি পাওয়া যায়। তবে দেশের ফুটবলকে বিশ্বকাপে দেখার এমন আবেগঘন আবেদন এবার সবার দৃষ্টি কেড়েছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ