ছাত্রী অপহরণকারী রবিউলকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৭-০৬-২০২৬ ০৪:১১:৪২ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০৬-২০২৬ ০৪:৪৪:০০ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারীতে বসতঘরের অদূরে জাম কুড়িয়ে বসতঘরে ফেরার পথে সুমাইয়া হাসান (১৩) নামে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (২৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উক্ত অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা হাটাজারী মডেল থানার উপ-পরিদর্শক রুপম নাথ। গ্রেফতারকৃত ওই অপহরণকারী হলো-হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড উদালিয়া গ্রামের মিয়াজান চৌধুরী বাড়ির হাজী মো. সোলায়মানের পুত্র রবিউল আলম।
এর আগে তাকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রবিউল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাসহ থানায় একাধিক মামলা রয়েছে।
প্রসঙ্গত, গত ৮ জুন দুপুরে উদালিয়া গ্রামের মিয়াজান চৌধুরী বাড়ির কুয়েত প্রবাসি মোহাম্মদ নাজিম উদ্দীনের কন্যা সুমাইয়া হাসানকে রবিউল আলম জোরপূর্বক মোটরসাইকেল যোগে অপহরণ করে যায়। এতে একই এলাকার নুরুল আলম (৩০) ও মো. শাহাদাত (২২) অপহরণকারীকে সহযোগিতা করে জানিয়ে অপহৃতার মা শামীমা আকতার বাদী থানায় একটি অপহরণ মামলা রুজু করে। এরমধ্যে ১২ জুন রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা এলাকার ডাচ বাংলা রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার এবং অপহরণের সাথে জড়িত নুরুল আলম (৩০) ও মো. শাহাদাত (২২) দুই জনকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্কুল ছাত্রী অপহরণ মামলার আসামি রবিউল আলমকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে অপহরণ মামলা ছাড়াও তার বিরুদ্ধে আরও দুইটি পৃথক মামলা রয়েছে। ওই দুই মামলায় সে এজাহারভূক্ত পলাতক আসামী ছিল। গ্রেপ্তার পরবর্তী তার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি জানান।
বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স