চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে চার শ্রমিকের মৃত্যু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-০৬-২০২৬ ০৬:২০:২০ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০৬-২০২৬ ০৬:২৪:৩৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়ায় ও জেলার রাউজানে ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুজন করে মোট চার যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নগরীর ধনীয়ালাপাড়ায় একটি ভবনে নিহত দুই যুবক হলেন সাকিব (২৫) ও হৃদয় (২৪)। তাদের বাড়ি নোয়াখালী জেলায় বলে জানা গেছে। অন্যদিকে জেলার রাউজানে নিহতরা হলেন রাউজানের কচুখাইন এলাকার বাসিন্দা প্রদীপ দাশ এবং পাশের বোয়ালখালী উপজেলার কদুরখিল এলাকার বাসিন্দা সমীরণ দাশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ধনিয়ালাপাড়া এলাকার একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য ওই দুই যুবক ভেতরে নামেন। ট্যাংকটির ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দীর্ঘ সময় তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ডবলমুরিং থানা পুলিশ ঘটনাস্থলে এসে সেপটিক ট্যাংক থেকে তাদের লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডবলমুরিং থানার ওসি শাহীনুর আলম জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেপটিক ট্যাংকের ভেতরে তৈরি হওয়া বিষাক্ত গ্যাসের কারণেই দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
এদিকে চট্টগ্রামের রাউজানে নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন প্রদীপ দাস ও সমীরণ দাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিকুটি পাড়া এলাকায় রতন ডাক্তারের নির্মাণাধীন বাড়িতে কাজ চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে প্রদীপ দাশ সেপটিক ট্যাংকে কাজ করার জন্য নিচে নামেন। দীর্ঘদিন বন্ধ থাকা ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করতে সমীরণ দাশ নিচে নামলে তিনিও গ্যাসে আক্রান্ত হন। একপর্যায়ে দুজনই ট্যাংকের ভেতরে অচেতন হয়ে পড়ে থাকেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস রাউজান স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স