বেনজীরকে দেশে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-০৬-২০২৬ ০৬:১৫:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০৬-২০২৬ ০৬:১৫:৩২ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে নতুন তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, বেনজীরকে দেশে ফেরাতে প্রয়োজনীয় সব কাগজপত্র ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের কাছে পাঠানো হয়েছে। এখন দেশটির আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাউদ্দিন আহমদ বলেন, ‘আমরা প্রয়োজনীয় কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠিয়েছি। আমাদের দূতাবাস সেগুলো ইউএই সরকারের কাছে হস্তান্তর করেছে। এটিই সর্বশেষ অবস্থা। ইউএই সরকারের পক্ষ থেকে এখনো কোনো জবাব পাইনি। আশা করছি, খুব শিগগিরই তারা এ বিষয়ে জানাবে।’
বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘দুবাই থেকে তাকে গ্রেপ্তারের বিষয়ে ই-মেইলে জানানো হওয়ার পর ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে বলা হয়েছিল। তবে আমরা মাত্র তিন দিনের মধ্যেই সব প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে দিয়েছি।’
বেনজীর আহমেদ অন্য কোনো দেশের পাসপোর্ট ব্যবহার করছেন বলে যে আলোচনা রয়েছে, সে বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এখনো ইউএই সরকারের জবাবের অপেক্ষায় আছি। সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি ফেডারেল পুলিশের হেফাজতেই রয়েছেন। এর বাইরে অন্য কোনো তথ্য আমাদের কাছে নেই।’
অন্যদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার তিন আসামিকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়েছে। আমরা তাদের জবাবের অপেক্ষা করছি। আশা করছি, আসামিদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। এরপর তদন্ত শেষ করে যথাযথভাবে অভিযোগপত্র দাখিল করা যাবে।’
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স