ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়: রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ০৬:৩৮:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ০৬:৩৮:০৫ অপরাহ্ন
​পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়: রাষ্ট্রপতি ​ফাইল ছবি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, পবিত্র আশুরার শাশ্বত বাণী মানুষকে অন্যায়-অবিচার ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় এবং সত্য, সুন্দর ও আলোর পথ দেখায়।

শুক্রবার (২৫ জুন) পবিত্র আশুরা (১০ মহররম) উপলক্ষ্যে দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপ্রধান পবিত্র আশুরা উপলক্ষ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.)-সহ তার পরিবারের সদস্য এবং কারবালা প্রান্তরে শাহাদতবরণকারী সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন।

তিনি বলেন, সমগ্র মুসলিম উম্মাহর জন্য পবিত্র আশুরা একটি তাৎপর্যময় ও শোকের দিন। ইসলামের ইতিহাসে আশুরা বহু গুরুত্বপূর্ণ ঘটনার স্মারক হলেও কারবালার প্রান্তরে ইমাম হোসাইন (রা.) ও তার সঙ্গীদের আত্মত্যাগ এ দিনটিকে দিয়েছে অনন্য মর্যাদা ও গভীর মানবিক আবেদন।

রাষ্ট্রপতি বলেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা এবং ইসলামের সুমহান আদর্শ সমুন্নত রাখতে তাদের আত্মদান মানবজাতির ইতিহাসে চিরজাগরুক হয়ে থাকবে।

পবিত্র আশুরার মহান শিক্ষা সবার জীবনকে আলোকিত করুক বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

বাণীতে রাষ্ট্রপতি আরও বলেন, শান্তি ও কল্যাণের ধর্ম ইসলাম মানুষকে সত্য, ত্যাগ, আত্মশুদ্ধি ও ন্যায়ের পথে আহ্বান করে। সব ধরনের হানাহানি, হিংসা, দ্বেষ ও বিভেদ দূর করে মানুষকে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে।

তিনি পবিত্র আশুরা উপলক্ষ্যে একটি সাম্য, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করেন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ