ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অনুপস্থিত মন্ত্রীদের উদ্দেশে স্পিকার

​কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশন থেকে গুরুত্বপূর্ণ নয়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০৭:০৯:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৭:২৩:৪৯ অপরাহ্ন
​কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশন থেকে গুরুত্বপূর্ণ নয় ​ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। সব রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সংসদ অধিবেশন সবচেয়ে বেশি গুরুত্ব পায়।

মঙ্গলবার (২৩ জুন) সংসদে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতার উত্থাপিত মন্ত্রীদের অনুপস্থিতির প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি।

স্পিকার বলেন, ‘বাজেট অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে সংসদ সদস্যরা বক্তব্য দেন। তাই সংশ্লিষ্ট মন্ত্রীদের উপস্থিত থেকে সেসব বক্তব্য শোনা এবং সম্ভব হলে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া উচিত।’

চিফ হুইপের উদ্দেশে স্পিকার বলেন, ‘আপনি মাননীয় মন্ত্রীদেরকে বলবেন, তাঁরা যেন সংসদে যথাসময়ে আসেন। সংসদ সদস্যের যেসব বক্তব্য তাঁদের মন্ত্রণালয়-সম্পর্কিত কথা তাঁরা বলেন, সেগুলোর ব্যাপারে তাঁরা অন্তত শুনবেন এবং যদি সম্ভব হয়, তার প্রতিকার করার চেষ্টা করবেন।’

পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, সংসদকে প্রাণবন্ত রাখতে শুরু থেকেই স্পিকার আহ্বান জানিয়ে আসছেন। কিন্তু অনেক সময় দেখা যায়, যে মন্ত্রণালয় নিয়ে আলোচনা হচ্ছে, সেই মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি কক্ষে উপস্থিত থাকেন না।

শফিকুর রহমান বলেন, ‘সংসদ সদস্যদের কথাগুলো যাঁদের নিজের কানে সরাসরি শোনা দরকার, বিশেষ করে, মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, অনেক সময় দেখেছি, যে মন্ত্রণালয় সম্পর্কে কথা বলছি, সেই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কেউ এখানে উপস্থিত নেই।’ এ ধরনের অনুপস্থিতি সংসদের পরিবেশের সঙ্গে যায় কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

জবাবে স্পিকার বলেন, বিষয়টি আগের দিনও আলোচনায় এসেছিল। তখন সরকারদলীয় চিফ হুইপ জানিয়েছিলেন, মন্ত্রীরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। তবে সংসদ অধিবেশনের গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করে তিনি মন্ত্রীদের নিয়মিত উপস্থিত থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী সংসদ নেতা তারেক রহমান বর্তমানে রাষ্ট্রীয় সফরে চীনে রয়েছেন। এর আগে তিনি মালয়েশিয়ায় ছিলেন। সেখানে তাঁর সফর সঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত ছিলেন।

এদিকে সংসদের বৈঠক বেলা ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও আজ তা কয়েক মিনিট পরে শুরু হয়। বৈঠকের শুরুতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ বৈঠকে উপস্থিত ছিলেন না। সোয়া ৩টার দিকে দেখা যায়, সরকারি দলের প্রথম সারিতে স্থানীয় সরকারমন্ত্রী, সমাজকল্যাণমন্ত্রীসহ ছয়জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

মন্ত্রীদের মধ্যে আইনমন্ত্রী, মুক্তিযুদ্ধমন্ত্রী, পানিসম্পদমন্ত্রী, কৃষিমন্ত্রী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী, প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন সংসদকক্ষে। পরে যোগ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সাড়ে ৩টা পর্যন্ত অধিবেশনে যোগ দেননি অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী। এ সময় বিরোধী দলের প্রথম সারিতে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ