ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স, মাঠে নামছে সমন্বিত অভিযান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০৪:৪৭:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৭:১০:৪২ অপরাহ্ন
​ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স, মাঠে নামছে সমন্বিত অভিযান ​ছবি: সংগৃহীত
ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে দেশব্যাপী সমন্বিত ও জোরালো পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের তত্ত্বাবধানে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাঠপর্যায়ে কার্যক্রম তদারকি, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জরুরি পদক্ষেপ বাস্তবায়নে এই টাস্কফোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি’র প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভায় মন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও সমান গুরুত্বপূর্ণ। তিনি সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদসহ সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

সভায় ডেঙ্গু নিয়ন্ত্রণে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে—দেশব্যাপী লিফলেট ও সচেতনতামূলক প্রচারণা জোরদার করা, স্কুল-কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থী-অভিভাবকদের সম্পৃক্ত করে বিশেষ কর্মসূচি পরিচালনা, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা এবং ফগার মেশিন ও মশক নিধন কার্যক্রমের মান নিয়মিত যাচাই করা।

এছাড়া এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসে বিশেষ অভিযান পরিচালনা, নির্মাণাধীন ভবন, ছাদবাগান, টায়ারের দোকান, গ্যারেজ ও জলাবদ্ধ এলাকায় নিয়মিত পরিদর্শন বৃদ্ধি, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার এবং ডেঙ্গু আক্রান্ত রোগীদের তথ্য বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। তাই এখন থেকেই সমন্বিত প্রস্তুতি, দ্রুত বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা এবং মাঠপর্যায়ে কার্যক্রমের গতি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বিভিন্ন মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, ওয়াসা, রাজউক, এলজিইডি, ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা সভায় অংশ নেন। সংশ্লিষ্টরা আশা করছেন, জাতীয় কমিটির প্রথম সভায় গৃহীত সিদ্ধান্ত এবং বিশেষ টাস্কফোর্সের কার্যক্রম ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন গতি যোগ করবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ