ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​আর্জেন্টিনা নাকি অস্ট্রিয়া জিতবে কে, সুপার কম্পিউটার কী বলছে

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০৩:২৭:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০৫:৩০:১৪ অপরাহ্ন
​আর্জেন্টিনা নাকি অস্ট্রিয়া জিতবে কে, সুপার কম্পিউটার কী বলছে ​ছবি: সংগৃহীত
চলমান ফুটবল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার (২২ জুন) মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও শক্তিশালী অস্ট্রিয়া। মাঠের লড়াইয়ে নামার আগে কার জয়ের সম্ভাবনা কতটুকু, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে তথ্যবিশ্লেষণী প্রতিষ্ঠান অপ্টার সুপার কম্পিউটার। যেখানে অস্ট্রিয়া চমক দেখানোর আত্মবিশ্বাস বুকে ধারণ করলেও স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা।

অপ্টা সুপার কম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী, এই ম্যাচে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬১.১ শতাংশ। বিপরীতে অস্ট্রিয়ার অঘটন ঘটানোর সম্ভাবনা ১৭ শতাংশ এবং ম্যাচটি ড্র বা পয়েন্ট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা রয়েছে ২১.৯ শতাংশ।

অবশ্য ফিফা র‍্যাঙ্কিং বা সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় অস্ট্রিয়াকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। র‍্যাঙ্কিংয়ের ২১ নম্বর দলটি নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে। সব প্রতিযোগিতা মিলিয়ে তারা টানা চার ম্যাচে জয়ের ধারায় আছে এবং শেষ ১২ ম্যাচের ১০টিতেই জিতেছে। আর্জেন্টিনার বিপক্ষে জিতলে তারা ১৯৮২ সালের পর প্রথমবার টানা দুই জয় দিয়ে বিশ্বকাপ শুরুর কীর্তি গড়বে, একই সাথে নিশ্চিত করবে গ্রুপসেরা হওয়া।

অস্ট্রিয়ার তরুণ মিডফিল্ডার পল ওয়ানার ম্যাচটি নিয়ে বলেন, আমরা জানি আর্জেন্টিনা কত ভালো দল। আমরা তাদের শ্রদ্ধা করি, কিন্তু আমাদের শক্তির ওপরও ভরসা আছে। আমরা যদি নিজেদের সামর্থ্য ধরে রাখতে পারি, তবে যে কোনো দলের জন্য সমস্যা তৈরি করতে পারি।

অন্যদিকে, প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে শীর্ষ দল আর্জেন্টিনা। আজ অস্ট্রিয়াকে হারাতে পারলে এবং অন্য ম্যাচে জর্ডান যদি আলজেরিয়ার বিপক্ষে পয়েন্ট হারায়, তবে বিশ্ব চ্যাম্পিয়নদের গ্রুপের প্রথম স্থান নিশ্চিত হয়ে যাবে। সে ক্ষেত্রে নকআউটে তারা মুখোমুখি হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের, যেখানে রয়েছে স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ের মতো দল।

সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাসের স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফেভারিট হিসেবে মেসিরা মাঠে নামলেও, গত বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারের মতো কোনো অঘটন এড়াতে সতর্ক থাকবে আলবিসেলেস্তেরা।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ