ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত :স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০৬-২০২৬ ০১:০৯:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৬-২০২৬ ০৩:৩৩:১৭ অপরাহ্ন
শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত :স্বরাষ্ট্রমন্ত্রী ফাইল ছবি
সংযুক্ত আরব আমিরাত সরকার শিগগিরই বাংলাদেশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ফেরত দেবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২০জুন) এক ব্রিফিংয়ে এ কথা বলেছেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দুবাইয়ে আটক বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে মামলার নথিপত্রসহ প্রত্যর্পন আবেদন সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে।

এর আগে, গত ১২ জুন দুবাইয়ে গ্রেপ্তার হন বেনজীর আহমেদ। দেশটির সরকার ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বিষয়টি জানিয়েছিল।

দুর্নীতির অনুসন্ধানের মুখে ২০২৪ সালের ৪ মে সপরিবার দেশ ছেড়েছিলেন বেনজীর আহমেদ। তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করা হয়েছিল।

বেনজীর আহমেদকে কোথা থেকে কীভাবে গ্রেপ্তার করা হয়েছেন, তা নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দুবাই পুলিশ এবং বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে পাওয়া যায়নি।

এদিকে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের কাজ শেষ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই বিষয়ে একটি অনুরোধপত্র চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বেনজীর আহমেদ জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার (২০১০-১৫) এবং র‍্যাবের মহাপরিচালকের (২০১৫-২০) দায়িত্ব পালন করেন।

২০২০ সালের এপ্রিলে তাকে আইজিপি করা হয়। ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি ওই পদে ছিলেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ