বন্ধুকে বিদায় জানাতে গিয়ে নিজেই নিলেন চিরবিদায়
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-০৬-২০২৬ ০১:১০:০৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৬-২০২৬ ০১:১০:০৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বরিশাল নগরীর বান্দরোড এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী গ্রামের সৌদি প্রবাসী মেহেদী হাসান শুভ (২৫)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু মো. আরিফ (২৫)।
বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১০টার দিকে বরিশাল নগরীর বেলস পার্ক সংলগ্ন কেডিসি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভ দুমকি উপজেলার লেবুখালী গ্রামের হেলাল প্যাদার ছেলে। আহত আরিফ একই গ্রামের গনি হাওলাদারের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধু রাকিব খান জানান, এক বন্ধুকে বরিশাল লঞ্চঘাটে পৌঁছে দিয়ে শুভ ও আরিফ দুটি মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কেডিসি গলির মুখে পৌঁছালে শুভর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী অটোরিকশার পেছনে সজোরে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলটি সড়ক ডিভাইডারের লোহার পাইপে আছড়ে পড়ে। এতে শুভ ও আরিফ গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।
শুভর বড় ভাই আল-আমিন বলেন, কয়েক বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিল শুভ। প্রায় পাঁচ মাস আগে ছুটিতে দেশে ফিরেছে। বাবার ব্যবসা দেখাশোনা করছিল। পরিবারের কেউ কল্পনাও করেননি, দেশে ফিরে এভাবে অকালে প্রাণ হারাতে হবে তাকে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার পর অটোরিকশাচালক যানবাহনসহ পালিয়ে গেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স