ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​রাজধানী থেকে কবে সরবে চার বাস টার্মিনাল, জানালেন মন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০৩:২৩:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০৩:২৩:৫৪ অপরাহ্ন
​রাজধানী থেকে কবে সরবে চার বাস টার্মিনাল, জানালেন মন্ত্রী ​ছবি: সংগৃহীত
আড়াই বছরের মধ্যে রাজধানী ঢাকা থেকে চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। 

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ মন্ত্রী এ কথা বলেন। 

টার্মিনালগুলো হলো- গাবতলী বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল এবং ফুলবাড়িয়া বাস টার্মিনাল।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি বাস টার্মিনালগুলোতে সারাদিন বাস থাকে। ওখানে ওয়ার্কশপ হয়ে গেছে। একটি বাস আট-দশ দিন ধরে ওখানে রং করছে, ডেন্ট করছে, ইঞ্জিন ডাউন দিয়ে আবার সেটা রিসেট করছে—এ রকম চলছে। এটা ওখানে চলবে না। আমরা ডিপো করার জন্য পরিকল্পনা নিয়েছি, একটা ৩০০ ফিটে। একটা হচ্ছে কাঁচপুরে। কাঁচপুরে যেটা আমরা ডিপো করছি, সেটা টার্মিনালই হয়ে যাবে। সায়েদাবাদ টার্মিনাল আস্তে আস্তে কাঁচপুরে চলে যাবে। ফুলবাড়িয়া টার্মিনালটা চলে যাবে কেরানীগঞ্জে, জেলখানার ঠিক অপজিটে। গাবতলীরটা চলে যাবে হেমায়েতপুরে।’

তিনি বলেন, ‘এ রকমভাবে টার্মিনাল শিফট হবে, কিন্তু এখনই হচ্ছে না। এখন ডিপো হিসেবে ওখানে ব্যবহার হবে। আর এখান থেকে গাড়ি ছাড়বে, কিন্তু গাড়িগুলো (টার্মিনালে) আসবে আবার কখন? গাড়ি ছাড়ার যে সময় আছে, তার আগে আসবে। আসবে এবং গাড়ি এখান থেকে ছেড়ে যাবে।’

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, সোহাগ, গ্রীন লাইনের মতো মানসম্মত এসি বাসগুলো বিদ্যমান বাসস্ট্যান্ড থেকে ছাড়ার মতো পরিবেশ নেই। এসব বাসগুলোর অফিস বা যেখান থেকে যাত্রী ওঠানামার ব্যবস্থা করছে, সেখানে নিজস্ব ব্যবস্থাপনায় ভালো টয়লেট ব্যবস্থা রয়েছে, ভালো পরিবেশ রয়েছে। কিন্তু অন্য বাসের স্ট্যান্ডগুলোর পরিবেশ ভালো নেই।

বাস ব্যবস্থাপনায় একটি শৃঙ্খলা আসবে। দৃশ্যমান হতে কিছুটা সময় লাগবে- জানিয়ে রবিউল আলম বলেন, বেসরকারি বিভিন্ন উন্নত মানের বাসগুলো কলাবাগানসহ রাজধানীর বিভিন্ন স্থানকে স্ট্যান্ড বানিয়ে এখন যেভাবে যাত্রী ওঠা-নামা করায়, সেটি আর করতে পারবে না।

বিএসআরএফ-এর সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপ সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ