ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পটিয়ায় অপহৃত শিশু জায়ানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ১১:৫৬:৪৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ১১:৫৬:৪৯ পূর্বাহ্ন
পটিয়ায় অপহৃত শিশু জায়ানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার ​ফাইল ছবি
চট্টগ্রামের পটিয়ায় জায়ান নামে যে শিশু নিখোঁজ হয়েছিল, তার লাশ উদ্ধার করা হয়েছে বাড়ির অদূরের ডোবা থেকে।

বুধবার (১৭ জুন) রাত ৩টার দিকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না।

পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, “রাত ৩টার দিকে প্রতিবেশীর বাড়ির কাছে একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন আছে। এ ঘটনায় তিন প্রতিবেশীকে আটক করা হয়েছে।”

আটক ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি।

ওসি জিয়াউল হক বলেন, “ওই প্রতিবেশীর পরিবারের সাথে শিশুটির পরিবারের জমি সংক্রান্ত বিরোধ আছে। এর জেরে ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।”

মঙ্গলবার দুপুরে পটিয়া উপজেলার পৌর সদরের দক্ষিণ গোবিন্দরখিল গ্রামে নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় পাঁচ বয়সি জায়ান। সে ওই এলাকার গ্যারেজ মালিক শাহজাহানের ছেলে।

শাহজাহান বুধবার স্থানীয় সাংবাদিকদের বলেছিলেন, মঙ্গলবার দুপুরে তার ছেলে নিখোঁজ হয় এবং সাড়ে ৩টার দিকে তিন লাখ টাকা মুক্তিপণ দাবির একটি চিরকুট ঘরে পান। এরপর সন্ধ্যা পর্যন্ত ছেলেকে খুঁজে না পেয়ে রাতে পটিয়া থানায় জিডি করেন।

টাকা না দিলে এবং পুলিশের কাছে গেলে শিশুটিকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয় হাতে লেখা ওই চিরকুটে।

চিরকুটে লেখা ছিল, “শাহজাহান, তোর ছেলে আমাদের কাছে আছে। ছেলেকে পেতে চাইলে যেটা বলছি সেটা শুন। যদি কোনো চালাকি করার চেষ্টা করস, তাহলে ছেলেকে আর খুঁজলেও পাবি না। পুলিশের কাছে না গেলে ভালো হয়। যদি যাস ছেলের লাশ পাবি।

“বাইরের মানুষ না জানে মতো। তোর পরিবারের উপর নজর আছে সব সময়। আধা ঘণ্টার মধ্যে তিন লাখ টাকা আর তোর ফ্যামিলির যে কোনো একজনের মোবাইল আনলক করে একটা ব্যাগে করে তোর বাড়ির সামনের রাস্তার পাশে ভাঙ্গা দোকানের ভিতর রেখে দিবি। রাখার পর তুই তোর ফ্যামিলির সবাই বাসার ভিতর ঢুকে যাবি।

“ঢুকে গিয়া দরজা জানালা বন্ধ করে দিবি। যদি কোনো চালাকি করস, তাহলে আমার কোনো ক্ষতি হবে না। তুর ছেলেকে জীবনে খুঁজে পাবি না। মোবাইলটা তোর ছেলেকে তোকে দেখানোর জন্য। যেটা বললাম সেটা শুনলে ভালো। আর মানুষের গায়ে হাত তোলা বন্ধ করে দিবি।”

চিরকুট পাওয়ার বিষয়ে শাহজাহান বলেছিলেন, কে বা কারা কখন এই চিরকুট তার বাসার ভেতরে রেখে গেছে তিনি জানেন না। তার সঙ্গে কারো কোনো পূর্ব শত্রুতা নেই।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ