ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির জাদুতে তারকাদের উচ্ছ্বাস

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০১:২০:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০১:৩৪:৩৫ অপরাহ্ন
মেসির জাদুতে তারকাদের উচ্ছ্বাস ছবি : সংগৃহীত
২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই নিজের চেনা ছন্দে ফিরেছেন আর্জেন্টিনার মহাতারকা খেলোয়াড় লিওনেল মেসি। মাঠে নেমেই দেখিয়েছেন জাদু, মাত্র ১৭ মিনিটে বিপক্ষ দল আলজেরিয়াকে গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর তুলে নিয়েছেন দুর্দান্ত হ্যাটট্রিক। মেসির এমন দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনার বড় জয়ের উচ্ছ্বাসে মেতেছেন ঢাকাই বিনোদন জগতের তারকারাও।

বুধবার (১৭ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেসি ও আর্জেন্টিনার জয়ে নিজেদের আবেগ ও ভালোবাসা প্রকাশ করেছেন পরীমণি, মেহজাবীন চৌধুরী, কেয়া পায়েল, তাসরীফ খানসহ অনেক তারকা।

ঢালিউড অভিনেত্রী পরীমণি খেলা দেখার একটি ছবি প্রকাশ করে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা জানান। আর্জেন্টিনার জার্সি গায়ে ছেলের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।’

অন্যদিকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আর্জেন্টিনার জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। আর্জেন্টিনার পতাকার প্রতীক দিয়ে তিনি লেখেন, ‘ঠিক আছে শুভরাত্রি।’

তরুণ অভিনেত্রী কেয়া পায়েল মেসির ছবি শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি লিখেছেন, ‘মেসিইইইই, মেসিইইইই, লিও মেসিইইইইইইই সব সময়ই সে। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করলেন মেসি, কী দারুণ গোল!’

মেসির দুর্দান্ত খেলায় মুগ্ধ হয়েছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টিও। আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘বিজয়ীর মানসিকতা! অভিনন্দন আর্জেন্টিনা, মেসি।’

সংগীতশিল্পী তাসরীফ খান মেসির ছবি পোস্ট করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘সারাজীবন বুক ফুলিয়ে বলবো আমরা মেসির খেলা দেখা প্রজন্ম। কী অসাধারণ হ্যাটট্রিক মেসির!’

অভিনেতা খায়রুল বাসার মেসির ছবি পোস্ট করে প্রতিপক্ষ সমর্থকদের উদ্দেশে মজার ছলে লিখেছেন, ‘প্রথম দিনেই হ্যাটট্রিক, রাগ করলা?’

অভিনেতা ইরফান সাজ্জাদও একইভাবে মেসির প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, ‘বুঝলাম না মেসি পেনাল্টি থেকে পরপর তিনটা গোল দিয়ে দিল, আর তোমাদের কোন আওয়াজ নাই! রাগ করলা নাকি?’

এদিকে ব্রাজিলের সমর্থক হয়েও আর্জেন্টিনার জয়ে শুভকামনা জানিয়েছেন জনপ্রিয় গায়িকা পড়শী। ব্রাজিলের জার্সি পরা ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘আমি ব্রাজিল সমর্থক হলেও আর্জেন্টিনার জন্য শুভকামনা। কারণ আমি ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই।’

মেসির দুর্দান্ত প্রত্যাবর্তনে শুধু মাঠেই নয়, উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে তারকা থেকে সাধারণ ভক্তদের মধ্যেও। 

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন   
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ