ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​হত্যা মামলাতেও জামিন, আবুল বারকাতের কারামুক্তিতে ‘বাধা নেই’

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ০৩:৪১:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ০৩:৪১:০৪ অপরাহ্ন
​হত্যা মামলাতেও জামিন, আবুল বারকাতের কারামুক্তিতে ‘বাধা নেই’ ​ছবি: সংগৃহীত
জুলাই আন্দোলনের সময় ঢাকার নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতকে জামিন দিয়েছে আদালত। অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকায় কারামুক্তিতে কোনো ‘বাধা নেই’ বলে জানিয়েছেন তার এক আইনজীবী।

মঙ্গলবার (১৬ জুন) শুনানি নিয়ে পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিনের আদেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এদিন আবুল বারকাতের জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী শাহীনুর ইসলাম। ‘অসুস্থ’ বিবেচনায় যেকোনো শর্তে জামিনের আর্জি জানান। রাষ্ট্রপক্ষে কৌঁসুলি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিনের আবেদনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিনের আদেশ দেয়।

আবুল বারকাতের আরেক আইনজীবী বাবুল মিয়া জানান, এখন পর্যন্ত তার বিরুদ্ধে আর কোনো মামলায় গ্রেপ্তারাদেশ নেই। আপাতত তার কারামুক্তিতে বাধা নেই।

গত রোববার ওয়াদুদ হত্যা মামলায় আবুল বারকাতকে গ্রেপ্তার দেখানো হয়। তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। সোমবার সেই আবেদন শুনানি করে জামিন নাকচ করে দিয়েছিল আদালত।

গত ১০ জুলাই রাতে ধানমন্ডির ৩ নম্বর সড়কের বাসা থেকে আবুল বারকাতকে গ্রেপ্তার করে পুলিশ। জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।

গত ৭ জুন দুদকের এ মামলায় আপিল বিভাগ থেকে জামিন পান আবুল বারকাত। নিজের পাসপোর্ট আদালতে জমা দেওয়ার শর্তে তার জামিন আবেদন মঞ্জুর করে আপিল বিভাগ।

জামিন পেলেও কারাগার থেকে মুক্তি পাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ অধ্যাপক।

ওইদিন জুলাই আন্দোলনের সময়কার আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন ডিবি পুলিশ। এরপর ১৪ জুন শুনানি নিয়ে এ আবেদন মঞ্জুর করে আদালত। তাতে করে আবুল বারকাতের কারামুক্তির সুযোগ আটকে যায়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে নীলক্ষেত এলাকায় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন।

এ মামলায় বাদী হয়েছেন তার শ্যালক আব্দুর রব। মামলা হয় নিউ মার্কেট থানায়। এতে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আসামি করা হয় ১৩০ জনকে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ