ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক শেখ মহিউদ্দিনের পদত্যাগ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ১২:০১:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ১২:০১:৫৭ অপরাহ্ন
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক শেখ মহিউদ্দিনের পদত্যাগ ফাইল ছবি
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি ঘটা শিশু মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন নিজ দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এই দায়িত্ব এখন অধ্যাপক জামালুন্নেসার ওপর ন্যস্ত করেছে পরিচালনা পর্ষদ।

মঙ্গলবার (১৬ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক-কোম্পানি অ্যাফেয়ার্স তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

এর আগে, গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই সঙ্গে শিশুদের মৃত্যুর ঘটনায় ‘মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অধ্যাদেশ, ১৯৮২’ লঙ্ঘনের দায়ে কেন আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে না, তা জানাতে প্রতিষ্ঠানটির মালিক শেখ মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়।

এজন্য শুরুতে হাসপাতাল কর্তৃপক্ষকে ৭ জুন বিকেল ৫টা পর্যন্ত শোকজের জবাব দিতে ৭২ ঘণ্টা সময় দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে শোকজের জবাব দিতে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে আরও ৪৮ ঘণ্টা সময় দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

গত ৭ জুন বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে পাঠানো এক চিঠিতে সময় বাড়ানোর বিষয়টি জানানো হয়। অবশেষে শোকজের জবাব পাওয়ার পর ৬ নবজাতকের মৃত্যর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ