ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরযান মেরামত কারখানায় লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ১১:৫৩:০৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ১১:৫৩:০৩ পূর্বাহ্ন
মোটরযান মেরামত কারখানায় লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা ফাইল ছবি
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্ধারিত পদ্ধতি ও ফি দিয়ে লাইসেন্স গ্রহণ ছাড়া মোটরযান মেরামত কারখানা স্থাপন বা পরিচালনা করতে পারবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সম্প্রতি এক বার্তায় সংস্থাটি জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ৬৪ (১) অনুযায়ী সরকারি প্রতিষ্ঠান ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নির্ধারিত পদ্ধতি ও ফি পরিশোধ করে লাইসেন্স গ্রহণ ছাড়া মোটরযান মেরামত কারখানা চালানোর অনুমতি দেয়া হবে না।

বিআরটিএ আরও জানায়, ঢাকা বিভাগের আওতাধীন এলাকায় লাইসেন্স গ্রহণে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ এর বিধি ১৫৭ এর উপবিধি-(১) অনুযায়ী সংশ্লিষ্ট এলাকার রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ-উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) বা সহকারী পরিচালকের (ইঞ্জিনিয়ারিং) কাছে নির্ধারিত ফরম-৪০ (বিআরটিএর ওয়েবসাইট www.brta.gov.bd থেকে সংগ্রহযোগ্য) অনুযায়ী আবেদন করতে হবে।

এছাড়া বিধি-১৫৬ এর উপবিধি-(৫) অনুযায়ী আবেদনের সঙ্গে প্রাসঙ্গিক কাগজপত্র জমা দিতে হবে বলে জানিয়েছে বিআরটিএ। এর মধ্যে রয়েছে মোটরযান মেরামতে নিয়োজিত কর্মীদের (অটোমোবাইল) মোটরযানের উপর প্রাসঙ্গিক কারিগরি জ্ঞান ও দক্ষতার প্রমাণপত্র, মোটরযান মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য কারখানায় প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সাজসরঞ্জামের ব্যবস্থা থাকার প্রমাণা, কারখানায় অন্তত পাঁচটি যানবাহন রাখার জায়গার প্রমাণ, মালিক বা প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স সনদের সত্যায়িত কপি, টিআইএন সার্টিফিকেট ও হালনাগাদ আয়কর পরিশোধ সনদের সত্যায়িত কপি, স্থানীয় কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সুপারিশ এবং আর্থিক সচ্ছলতার সনদ।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ