খুলছে হরমুজ প্রণালি, নৌ-অবরোধ প্রত্যাহার
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৫-০৬-২০২৬ ১১:০৮:৫২ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৫-০৬-২০২৬ ১১:০৮:৫২ পূর্বাহ্ন
ফাইল ছবি
ইরানের সঙ্গে একটি বড় ধরনের সমঝোতা স্মারক বা ‘মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং’ স্বাক্ষরের পথে রয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। চুক্তির মূল আলোচনার অংশ হিসেবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে মার্কিন প্রেসিডেন্টের একটি জরুরি বিবৃতি দেয়ার সংবাদের পরই বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে কৌতূহল তৈরি হয়। ধারণা করা হচ্ছিল, ইরানের সাথে কোনো বড় কূটনৈতিক অগ্রগতি হতে যাচ্ছে।
ঠিক কিছুক্ষণ পরেই প্রেসিডেন্ট ট্রাম্প তার ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি ঘোষণা করেন যে, হরমুজ প্রণালী অবিলম্বে খুলে দেয়া হবে এবং বিশ্ববাজারে তেলের প্রবাহ পুনরায় শুরু হবে।
তবে, এর কিছু সময় পরেই নিজের অবস্থান স্পষ্ট করে ট্রাম্প আরেকটি পোস্ট দেন। সেখানে তিনি জানান, হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টি কিছুটা বিলম্বিত হবে। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের দেয়া তথ্য এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ঘোষণা অনুযায়ী, আগামী ১৯ জুন আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের দিন থেকেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টি কার্যকর হবে।
বিশ্লেষকদের মতে, পাকিস্তানের মধ্যস্থতায় অর্জিত এই চুক্তিটি মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এবং জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে। ১৯ জুন স্বাক্ষরিতব্য এই চুক্তির দিকে এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স