ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ১২:১২:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৬-২০২৬ ১২:১২:২৮ অপরাহ্ন
সাতক্ষীরায় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ ফোকাস বাংলা নিউজ
সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে এক জেলের জালে ধরা পড়ল প্রায় ১০ কেজি ওজনের এক বিশালাকার প্রাণি। প্রথমে সেটিকে ঘিরে এলাকায় ছড়িয়ে পড়ে কৌতূহল ও চাঞ্চল্য। অনেকে ভেবেছিলেন এটি হয়তো অজানা কোনো জলজ প্রাণি। পরে জানা যায়, সেটি একটি বিরল প্রজাতির কচ্ছপ। স্থানীয় যুবকদের উদ্যোগে প্রাণিটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবেশকর্মী সাইফুল ইসলাম জানান, শুক্রবার (১২ জুন) দুপুরে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের শেখবাড়ি এলাকার এক জেলে নদীতে মাছ ধরার সময় কচ্ছপটি তার জালে আটকা পড়ে। বিশাল আকারের প্রাণিটি দেখে তিনি বিস্মিত হন। পরে সেটিকে বাড়িতে নিয়ে রাখেন। পরদিন সেটি জানাজানি হয়ে যায়। কচ্ছপ ধরা পড়ার খবর আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। বিরল প্রাণিটিকে একনজর দেখতে জেলের বাড়িতে ভিড় করতে শুরু করেন উৎসুক মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

পরবর্তীতে শনিবার স্থানীয় যুবক আশিক ও সাইফুল ইসলাম বিষয়টি জানতে পেরে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে জেলের বাড়িতে যান। তারা কচ্ছপটির গুরুত্ব সম্পর্কে সবাইকে অবহিত করেন ও সেটিকে নিরাপদে বন বিভাগের কাছে হস্তান্তরের উদ্যোগ নেন। পরে বিকেলে ‘কমিউনিটি পেট্রোলিং গ্রুপ’ (সিপিজি)-এর সদস্যদের মাধ্যমে কচ্ছপটি পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া বন স্টেশনে হস্তান্তর করা হয়।

কলাগাছিয়া বন স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতার কারণে বিরল প্রাণিটি নিরাপদে বন বিভাগের হেফাজতে এসেছে। বর্তমানে কচ্ছপটি তাদের তত্ত্বাবধানে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান, কচ্ছপটি একটি বিরল প্রজাতির বলে ধারণা করা হচ্ছে। তবে এটি ঠিক কোন প্রজাতির তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে বিষয়টি নির্ধারণ করা হবে।

স্থানীয় পরিবেশকর্মীদের মতে, সুন্দরবন সংলগ্ন নদ-নদীতে এমন বিরল প্রাণির উপস্থিতি এ অঞ্চলের সমৃদ্ধ জীববৈচিত্র্যেরই প্রমাণ। একই সঙ্গে কচ্ছপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করার ঘটনাটি বন্যপ্রাণি সংরক্ষণে স্থানীয় জনগণের সচেতনতার উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ