ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আগুনের পর সরানো হলো খুলনা সিটি হাসপাতালের আড়াইশ রোগী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০১:৩৫:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০১:৩৫:০৬ অপরাহ্ন
আগুনের পর সরানো হলো খুলনা সিটি হাসপাতালের আড়াইশ রোগী ছবি : সংগৃহীত
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পর রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগার প্রায় আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। এরপর হাসপাতালটির আড়াইশর বেশি রোগীকে রাতেই স্থানান্তর করা হয়।

সংশ্লিষ্টরা জানান, রোগীদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।

অবশ্য শুক্রবার (১২ জুন) ভোরেও উৎসুক নগরবাসী ও রোগীর স্বজনদের ভিড় দেখা যায় হাসপাতালের সামনে। তাদের কেউ আসেন রোগীর খোঁজ নিতে, কেউবা পরিস্থিতি দেখতে।

ফায়ার সার্ভিসের খুলনার উপপরিচালক মাসুদ সরদার জানান, হাসপাতালটির ১৭ তলা ভবনের বেজমেন্ট থেকে রাত গতকাল ৯টা ৩৫ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংস্থা ও সাধারণ মানুষের চেষ্টায় রাত ১২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

হাসপাতালের পরিচালক ডা. রফিকুল হক বাবলু বলেন, আগুনের সূত্রপাত সম্ভবত বৈদ্যুতিক সাবস্টেশন থেকে।

তবে হাসপাতালে কতজন রোগী ছিল, কতজনকে বের করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেননি তিনি।

এদিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
  
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ