ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত সঠিক হয়নি : জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১২-০৬-২০২৬ ১১:৩৫:১১ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-০৬-২০২৬ ১১:৩৫:১১ পূর্বাহ্ন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত সঠিক হয়নি : জামায়াত আমির ফাইল ছবি
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত সঠিক হয়নি বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ১০টার দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে দেয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমানের মন্তব্য করার আগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালের নির্বাহী পরিচালক ও স্বত্বাধিকারী শেখ মহিউদ্দীনকে এক চিঠিতে জানানো হয় এ তথ্য। 

স্বাস্থ্য অধিদপ্তরের এ সিদ্ধান্তের ব্যাপারে জামায়াতে ইসলামীর নেতা ফেসবুকে লিখেছেন, ‘সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু হলে আমরা সবাই এ ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করি। ঘটনাটি অবশ্যই অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনাকে কেন্দ্র করে সরকার হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে। এটি মোটেই সঠিক সিদ্ধান্ত হয়নি।’

তিনি লিখেছেন, ‘তদন্তের মাধ্যমে কোনো অবহেলা, ত্রুটি কিংবা অপরাধ চিহ্নিত হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে। তা না করে যে হাসপাতালটি “গরিবের হাসপাতাল” নামে পরিচিত এবং মানসম্মত সেবার মাধ্যমে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, আজ তারই লাইসেন্স বাতিল করে দেয়া হলো। শেষ পর্যন্ত এর ক্ষতি জনগণেরই হলো।’

বিরোধীদলীয় নেতা লিখেছেন, ‘তা ছাড়া এটি একটি মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে সম্ভবত ৪০০-৫০০ মেডিকেল শিক্ষার্থী লেখাপড়া করে। পাশাপাশি নার্সিং কোর্সও চালু রয়েছে। এখন তারা যাবে কোথায়?’

সবশেষ ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘শিক্ষার্থী ও জনগণের স্বার্থে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। কারও কোনো দোষ প্রমাণিত হলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। কিন্তু লাইসেন্স বাতিল করে হাসপাতাল বন্ধ করে দেয়া কাম্য নয়।’

এর আগে, গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই সঙ্গে শিশুদের মৃত্যুর ঘটনায় ‘মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অধ্যাদেশ, ১৯৮২’ লঙ্ঘনের দায়ে কেন আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে না, তা জানাতে প্রতিষ্ঠানটির মালিক শেখ মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়।

এজন্য শুরুতে হাসপাতাল কর্তৃপক্ষকে ৭ জুন বিকেল ৫টা পর্যন্ত শোকজের জবাব দিতে ৭২ ঘণ্টা সময় দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে শোকজের জবাব দিতে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে আরও ৪৮ ঘণ্টা সময় দেয় স্বাস্থ্য অধিদপ্তর। গত ৭ জুন বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে পাঠানো এক চিঠিতে সময় বাড়ানোর বিষয়টি জানানো হয়। অবশেষে শোকজের জবাব পাওয়ার পর ৬ নবজাতকের মৃত্যর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়।
 
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন   

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ