ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​পুলিশের জন্য ১৮২ কোটি টাকার ২১২টি পিকআপ কিনছে সরকার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০২:০০:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০২:০০:২৪ অপরাহ্ন
​পুলিশের জন্য ১৮২ কোটি টাকার ২১২টি পিকআপ কিনছে সরকার ​ফাইল ছবি
মাঠপর্যায়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশের অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ পুলিশের টহল ও জরুরি অভিযান জোরদার করতে ২১২টি অত্যাধুনিক ডাবল কেবিন পিকআপ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সরকারের মোট ব্যয় হবে ১৮২ কোটি ৩২ লাখ টাকা।

বুধবার (১০ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র (CCGP) গুরুত্বপূর্ণ বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে এই যানবাহনগুলো কেনা হবে। উন্মুক্ত দরপত্রের পরিবর্তে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতি (DPM) অনুসরণ করে এই গাড়িগুলো কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই ২১২টি ডাবল কেবিন পিকআপ সরবরাহ করবে। প্রতিষ্ঠানটির সঙ্গে খুব শীঘ্রই ১৮২ কোটি ৩২ লাখ টাকার আনুষ্ঠানিক ক্রয়চুক্তি সম্পাদিত হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন প্রান্তের গ্রামীণ ও শহর অঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিয়মিত টহল কার্যক্রম জোরদার করতে ও দ্রুত অপরাধ দমন এবং যেকোনো জরুরি ও আকস্মিক অভিযানে পুলিশের যাতায়াত সক্ষমতা বাড়াতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

মাঠপর্যায়ে দীর্ঘদিন ধরে যানবাহনের যে ঘাটতি ছিল, নতুন এই ২১২টি ডাবল কেবিন পিকআপ যুক্ত হওয়ার মাধ্যমে তা অনেকটাই দূর হবে। এর ফলে পুলিশের গতিশীলতা এবং কাজের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ