ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​কুকুরের টানাটানিতে পুকুর থেকে মিলল বস্তাবন্দি অর্ধগলিত লাশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৬-২০২৬ ১১:৫৭:১৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ১০-০৬-২০২৬ ১২:২৩:৪০ অপরাহ্ন
​কুকুরের টানাটানিতে পুকুর থেকে মিলল বস্তাবন্দি অর্ধগলিত লাশ ​ফাইল ছবি
নাটোরের সিংড়ায় এক বৃদ্ধার বস্তাবন্দি ও অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধা ১৫ দিন ধরে নিখোঁজ ছিলেন।

পুকুরের কচুরিপানার মধ্যে পড়ে থাকা বস্তাটি একদল কুকুরের টানাটানির পরে সন্দেহ হলে পুলিশে খবর দেন স্থানীয়রা।

মঙ্গলবার (৯ জুন) বিকাল ৪টার দিকে সিংড়া শেরকোলে আগপাড়া শেরকোল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম।

নিহত মরিয়া বেগম ওরফে শরিফা বেগম (৭৫) আগপাড়া শেরকোল গ্রামের মৃত মোজাহার আলী সরদারের স্ত্রী।

পুলিশ জানায়, গত ২৫ মে দুপুরের পর নিজ বাড়ি থেকে পাশ্ববর্তী বন্দর বাজারের উদ্দেশ্যে বের হন মরিয়া বেগম। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় গত ৬ জুন তার মেয়ে মর্জিনা বেগম সিংড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন।

ওসি রফিকুল ইসলাম বলেন, ‘‘মঙ্গলবার বিকালে মরিয়া বেগমের বাড়ির সামনে নাসির উদ্দিনের পুকুরে কচুরিপানার মধ্যে একটি সাদা রঙের মুখ বাঁধা বস্তা দেখতে পায় স্থানীয়রা।’’

বস্তা থেকে দুর্গন্ধ বের হলে এবং কয়েকটি কুকুর সেটি টানাটানি করতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তার ভেতর থেকে মরিয়া বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, ‘‘লাশটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।’’

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ