সুনাম বাড়ানোর আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৭-০৬-২০২৬ ০৪:২১:৫৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৬-২০২৬ ০৪:২১:৫৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেছেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনই একটি প্রতিষ্ঠানের সুনাম ও জনআস্থা বৃদ্ধির প্রধান উপায়। তাই বাহিনীর প্রতিটি সদস্যকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে ফায়ার সার্ভিসের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে।
রোববার (৭ জুন) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত দরবার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দরবারে সদর দপ্তরের পরিচালকবৃন্দ, প্রকল্প পরিচালক এবং ঢাকায় কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগীয় উপপরিচালক, জেলা কর্মকর্তা ও দেশের বিভিন্ন ফায়ার স্টেশনের কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
সকাল ১০টায় মহাপরিচালক অনুষ্ঠানে উপস্থিত হলে পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার তার কাছে দরবার হস্তান্তর করেন। পরে ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
দরবারে মহাপরিচালক আসন্ন নিয়োগ কার্যক্রমকে শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গত বছরের মতো এবারও নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে বাহিনীর কোনো সদস্য যেন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত না হন, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসে বদলি কার্যক্রমে যে স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয়েছে, তা অব্যাহত রাখতে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলার নির্দেশনা দেন তিনি।
বাহিনীর সুনাম ক্ষুণ্ন হয়—এমন কোনো বেআইনি বা দায়িত্বহীন কনটেন্ট প্রচারের সঙ্গে কোনো সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন মহাপরিচালক।
এ সময় তিনি বাহিনীর বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ড ও উন্নয়ন কার্যক্রমের তথ্য তুলে ধরেন এবং কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মহাপরিচালক সরাসরি ও অনলাইনে অংশ নেওয়া বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মতামত শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে দুপুর ১২টায় দরবারের সমাপ্তি ঘোষণা করা হয়।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স