ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৩:৫১:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৪:৩০:৪০ অপরাহ্ন
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু ​ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। 

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে রোববার (৭ জুন) বিকাল ৩টায় অধিবেশন শুরু হয়। এটি নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন। যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সংসদ নেতা তারেক রহমান এবং মন্ত্রী এবং সরকারদলীয় সংসদ সদস্যরা। আছেন বিরোধী দলের নেতা শফিকুর রহমান ও এমপিরা।

অধিবেশন শুরুতেই স্পিকার বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের কারণে এবারের অধিবেশন বিশেষ তাৎপর্য বহন করছে। সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ কীভাবে দেশের উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণে যথাযথভাবে ব্যয় হবে, তার একটি সুস্পষ্ট নীতিগত ও আর্থিক দিকনির্দেশনা এই অধিবেশনের মাধ্যমে জাতির সামনে উপস্থাপিত হবে।

এই অধিবেশনে আগামী ১১ জুন পরবর্তী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকার ও বিরোধী দলের সদস্যদের আলোচনা শেষে ৩০ জুন বাজেট পাস হবে।

সংসদ সচিবালয় সূত্র থেকে জানা গেছে, বাজেট অধিবেশনকে সামনে রেখে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ অধিবেশন আহ্বানের পর থেকেই এই প্রস্তুতি শুরু হয়।

অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত হয়। অধিবেশনকে সামনে রেখে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বেশ কিছু এলাকায় শনিবার (৬ জুন) থেকে আগ্নেয়াস্ত্র বহনসহ সব ধরনের শোভাযাত্রা, বিক্ষোভ ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।

সংসদ সচিবালয়ের প্রকাশিত অধিবেশনের কার্যসূচি অনুযায়ী, প্রথম দিনে অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলীর মনোনয়ন ও শোকপ্রস্তাব উত্থাপন করা হয়। এরপর রয়েছে প্রশ্নোত্তর পর্ব। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের প্রশ্নোত্তর তালিকাভুক্ত রয়েছে। এছাড়া ‘জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১)’-এর আওতায় প্রাপ্ত নোটিশগুলো নিষ্পত্তি করা হবে।

একটি বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হবে। জ্বালানি বিষয়ে উত্থাপিত প্রস্তাবিত মোকাবিলার করণীয় নির্ধারণে গঠিত বিশেষ কমিটির রিপোর্ট উপস্থাপন করবেন কমিটির সভাপতি এবং বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

উল্লেখ্য, চলতি জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ১২ মার্চ থেকে ২৫ কার্যদিবস অধিবেশন চলার পর ৩০ এপ্রিল শেষ হয়। এই অধিবেশনে মোট বৈঠক দিবস ছিল ২৫টি। অধিবেশনে মোট ৯৪টি বিল পাস হয়। আইন প্রণয়ন কার্যাবলি ছাড়াও প্রথম অধিবেশনে ৫টি স্থায়ী কমিটি এবং ২টি বিশেষ কমিটি গঠিত হয়।


বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ