ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আইনজীবী শিশির মনির

​'আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি'

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ০৪:৫৭:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ০৭:১৩:৪৩ অপরাহ্ন
​'আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি' ​ছবি: সংগৃহীত
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স বাতিলের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো নোটিশকে ‘বেআইনি’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

মঙ্গলবার (৬ জুন) রাজধানীর হলিডে ইন হোটেলে আদ-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিশির মনির বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালের লাইসেন্স বাতিলের জন্য যে নোটিশ দিয়েছে তা আইনসম্মত নয়। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি জানান, ঘটনার প্রাথমিক তদন্তে পেশাগত অবহেলার অভিযোগে দুই নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এবং আদ-দ্বীন হাসপাতাল উভয়েই চান না হাসপাতালটি বন্ধ হয়ে যাক বা ক্ষতিগ্রস্ত হোক। তবে যারা এ ঘটনার জন্য দায়ী, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

নিহত শিশুদের পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে শিশির মনির বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আজীবন থাকবে। পরিবারের যোগ্য সদস্যদের চাকরির সুযোগ নিশ্চিত করা হবে এবং সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণও দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার জন্যও দুঃখ প্রকাশ করে তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘটনায় ক্ষমাপ্রার্থী। যেভাবে সাংবাদিকদের সঙ্গে আচরণ করা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের কাছে এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ভুল হিসেবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বানও জানাই।

তবে সাংবাদিকদের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের সরাসরি বক্তব্য জানতে চাওয়া হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এ ঘটনায় নিজের ভূমিকা সম্পর্কে শিশির মনির বলেন, মানবিক কারণে আমি এখানে একজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছি।

সংবাদ সম্মেলনে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক আব্দুর সবুর খানও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, এ ঘটনায় দায়ী দুই ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

নিহত নবজাতকদের একজনের বাবা হাবিবুর রহমান বলেন, এটি ছিল আমার তৃতীয় সন্তান। প্রথম দুই সন্তানও একই হাসপাতালে স্বাভাবিকভাবে জন্ম নিয়েছিল এবং সেবায় সন্তুষ্ট থাকায় এবারও তিনি আদ-দ্বীন হাসপাতালে এসেছিলেন।

তিনি আরও বলেন, আমরা চাই হাসপাতালের ত্রুটিগুলো সংশোধন করা হোক এবং সেবা কার্যক্রম চালু থাকুক।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ