আদ-দ্বীনের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৪-০৬-২০২৬ ০৪:৪৯:১১ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০৬-২০২৬ ০৫:১০:১৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলার প্রমাণ পাওয়ার কথা বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। পাশাপাশি হাসপাতালের পরিবেশগত ও প্রশাসনিক মারাত্মক ত্রুটি উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে।
তদন্ত কমিটির সুপারিশের আলোকে রোববার (৭ জুন) এ বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (৪ জুন) তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদনে মৃত্যুর মূল কারণ হিসেবে এসি বিকল ও অক্সিজেন স্বল্পতার কথা বলা হয়েছে। হাসপাতালে দীর্ঘ সময় ধরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) সচল ছিল না। এমনকি প্রয়োজনীয় এসির ব্যবস্থা না থাকায় ঘটনাস্থলে তীব্র অক্সিজেন স্বল্পতা তৈরি হয়, যার ফলে সেখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বিপজ্জনক মাত্রায় বেড়ে যায়।
স্বাস্থ্যমন্ত্রী জানান, চিকিৎসক ও নার্সদের চরম অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণে রাখার ক্ষেত্রে বিদ্যমান প্রশাসনিক দায়িত্বে থাকা কর্মকর্তাবৃন্দ, কর্তব্যরত চিকিৎসক এবং নার্সরা নিজেদের অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।
তিনি বলেন, হাসপাতালটির পোস্ট অপারেটিভ ওয়ার্ডের ছোট ও বদ্ধ কক্ষে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত মানুষের উপস্থিতি নিয়ন্ত্রণ করা হয়নি। অতিরিক্ত জনসংখ্যার উপস্থিতির কারণে পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠে।আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয় বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী ব্রিফিংয়ে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, নবজাতকদের এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তদন্ত প্রতিবেদনে যাদের অবহেলার প্রমাণ মিলেছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স