ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​প্রান্তিক গ্রাহকদের ভোগান্তি বিবেচনায় বিদ্যুতের নতুন ট্যারিফ পুনঃবিবেচনার অনুরোধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০২:৫৪:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০২:৫৪:০৪ অপরাহ্ন
​প্রান্তিক গ্রাহকদের ভোগান্তি বিবেচনায় বিদ্যুতের নতুন ট্যারিফ পুনঃবিবেচনার অনুরোধ
প্রান্তিক গ্রাহকদের ভোগান্তির কথা বিবেচনা করে বিদ্যুতের নতুন ট্যারিফ পুনঃবিবেচনার জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) অনুরোধ করেছে বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার (৪ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি বিদ্যুৎ বিতরণ সংস্থা/কোম্পানির বিভিন্ন গ্রাহকশ্রেণির বিদ্যুতের খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাব প্রাপ্ত হয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক ২০-২১ মে ২০২৬ তারিখসমূহে গণশুনানি গ্রহণপূর্বক বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩ এর ধারা ২২(খ) ও ৩৪ এ প্রদত্ত ক্ষমতাবলে বিদ্যুতের পাইকারি (বাল্ক), সঞ্চালন এবং খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ করা হয়।

বিইআরসির পুনঃনির্ধারিত ট্যারিফে বিদ্যুৎ বিভাগের অনুমোদনক্রমে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক প্রেরিত প্রান্তিক (লাইফ লাইন) গ্রাহকদের জন্য প্রস্তাবিত ট্যারিফের প্রতিফলন ঘটেনি- যা  বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছে। বিদ্যুৎ বিভাগ মনে করে, এর ফলে প্রান্তিক গ্রাহকগণ (লাইফলাইন) বিশেষ করে নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর বিদ্যুৎ খাতে ব্যয় অনেক বেড়ে যাবে ফলে তাদের জীবনযাত্রার উপর বিরুপ প্রভাব পড়তে পারে। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জীবনযাত্রার মান বৃদ্ধি করার জন্য বর্তমান সরকার সম্ভাব্য সকল পদক্ষেপ নিয়েছে। ফলে প্রান্তিক গ্রাহকদের (লাইফলাইন) জন্য পুনঃনির্ধারিত ট্যারিফ সরকারের গৃহীত নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এ পরিপ্রেক্ষিতে পুনঃনির্ধারিত ট্যারিফ পর্যালোচনা করে প্রান্তিক গ্রাহকদের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক ০৩/০৫/২০২৬ তারিখে প্রেরিত প্রস্তাবের আলোকে পুনঃনির্ধারণের জন্য বিদ্যুৎ বিভাগ থেকে বিইআরসিকে অনুরোধ করে পত্র প্রেরণ করা হয়েছে। 

বিইআরসি এই বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ