ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সব ইংলিশ মিডিয়াম স্কুলকে অভিন্ন নীতিমালার আওতায় আনা হচ্ছে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০৬:৪১:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০৬:৪১:৩৭ অপরাহ্ন
সব ইংলিশ মিডিয়াম স্কুলকে অভিন্ন নীতিমালার আওতায় আনা হচ্ছে ​ছবি: সংগৃহীত
দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলকে একটি অভিন্ন নীতিমালার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার মান উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার (৩ জুন) রাজধানীর দ্য আগা খান একাডেমি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের আয়োজিত স্টুডেন্ট এক্সিবিশন ঘুরে দেখেন এবং তাদের বিভিন্ন গবেষণা, উদ্ভাবনী প্রকল্প ও সৃজনশীল উপস্থাপনা পর্যবেক্ষণ করেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের সকল শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার একটি সমন্বিত ও জবাবদিহিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। এর অংশ হিসেবে ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে একই নীতিমালার আওতায় এনে শিক্ষার গুণগত মান, পাঠদানের উৎকর্ষ এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা হবে।

তিনি বলেন, আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফল করবে না, বরং চিন্তা করতে শিখবে, উদ্ভাবন করতে শিখবে এবং নেতৃত্ব দিতে শিখবে। আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে আজকের শিক্ষার্থীরা। তাই তাদের বিশ্বমানের দক্ষতা, মূল্যবোধ ও সৃজনশীলতা দিয়ে গড়ে তোলা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।

ববি হাজ্জাজ আরও বলেন, বাংলা মাধ্যম, ইংলিশ ভার্সন কিংবা ইংলিশ মিডিয়াম—যে ধারাতেই শিক্ষার্থী পড়াশোনা করুক না কেন, সবাই যেন সমানভাবে জাতীয় মূল্যবোধ, নাগরিক দায়িত্ববোধ এবং আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের সুযোগ পায়, সরকার সে লক্ষ্যেই কাজ করছে।

পরিদর্শনকালে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির আধুনিক শিক্ষা পদ্ধতি, শিক্ষার্থী-কেন্দ্রিক পাঠদান এবং নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীল শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান।

এ সময় একাডেমির শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ