পাঁচবারের এমপি আ.লীগের প্রবীণ নেতা একেএম রহমতুল্লাহ আর নেই
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-০৬-২০২৬ ১২:৫৭:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৬-২০২৬ ১২:৫৭:৪৩ অপরাহ্ন
ফাইল ছবি
ঢাকার পাঁচবারের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন। দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার (৩ জুন) ভোর ৩টা ৪৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভোরে তার মৃত্যু হয় এবং সকালেই পরিবারের সদস্যরা মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যান। রহমতুল্লাহর ভাগ্নে ফারুক হোসাইন জানান, মৃত্যুর খবর পাওয়ার পর মরদেহ বাড্ডার বেরাইদে তার নিজ বাসভবনে নেয়া হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৪টায় বেরাইদ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বেরাইদ কবরস্থানে তাকে দাফন করা হবে।
আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা রহমতুল্লাহ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন। রাজনৈতিক জীবনে তিনি মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের হয়ে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ঢাকা-৫ আসন থেকে প্রথমবার সংসদে যান। পরে ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে পুনরায় নির্বাচিত হন।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন রহমতুল্লাহ। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (কথিত আছে রাতের ভোট) আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স