ঢাকা , মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের পুনর্নির্মিত ম্যুরাল উদ্বোধন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০৭:০৬:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০৭:০৬:৫১ অপরাহ্ন
রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের পুনর্নির্মিত ম্যুরাল উদ্বোধন ​ছবি: সংগৃহীত
নরসিংদীর রায়পুরায় মহান মুক্তিযুদ্ধের বীর সন্তান ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মরণে নির্মিত নান্দনিক স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মতিউরনগর (সাবেক রামনগর) এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যুরালটির উদ্বোধন করেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার, রায়পুরা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তারা।

জানা যায়, ২০১৬ সালে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মতিউরনগর এলাকায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মরণে একটি স্মৃতি ম্যুরাল নির্মাণ করা হয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের ভূমিতে অবস্থিত ওই স্থাপনাটি অপসারণ করা হয়। পরে ক্ষতিপূরণের অর্থ উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। তৎকালীন সময়ে এক্সাভেটর দিয়ে ম্যুরাল অপসারণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিষয়টি নিয়ে সমালোচনার পর উপজেলা প্রশাসন নতুন করে মহাসড়কের পাশেই বৃহৎ পরিসরে আধুনিক ও দৃষ্টিনন্দন নকশায় বাংলার ঈগল নামে স্মৃতি ম্যুরাল নির্মাণের উদ্যোগ নেয়।

ম্যুরালটির নকশাকার শিল্পী অলি মাহমুদ জানান, বাংলার ঈগল স্মৃতিস্তম্ভে ত্রিমুখী কালো ফ্রেমের ফলকের একটি অংশে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রতিকৃতি এবং অন্য অংশে তার জীবনবৃত্তান্ত সংযোজন করা হয়েছে। তৃতীয় অংশটি খোলা আকাশের প্রতীক হিসেবে ফাঁকা রাখা হয়েছে। মাঝখানে ত্রিভুজাকৃতির স্তম্ভে টেরাকোটার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছে।

তিনি আরও জানান, উপরের ঝুলন্ত কলামে এক পাশে বীরশ্রেষ্ঠ মতিউরনগর গ্রামের প্রবেশ নির্দেশক এবং অন্য পাশে বাংলার ঈগল নামফলক স্থাপন করা হয়েছে। এছাড়া স্মৃতিস্তম্ভের সর্বোচ্চ অংশে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কর্তৃক ছিনতাই করা টি-৩৩ যুদ্ধবিমানের আদলে একটি মডেল স্থাপন করা হয়েছে, যা পুরো স্থাপনাটিকে দিয়েছে ভিন্নমাত্রার সৌন্দর্য ও ঐতিহাসিক তাৎপর্য।

উদ্বোধন শেষে উপস্থিত অতিথিরা ম্যুরালটি পরিদর্শন করেন এবং বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ