ঢাকা , মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসী কার্ড হলে বিএমইটি কার্ড থাকবে না: প্রবাসী কল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০১:৪৪:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০১:৪৪:৩৩ অপরাহ্ন
প্রবাসী কার্ড হলে বিএমইটি কার্ড থাকবে না: প্রবাসী কল্যাণ মন্ত্রী ফাইল ছবি
প্রবাসী কার্ড চালু হলে আলাদাভাবে আর কোনো বিএমইটি (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) কার্ডের প্রয়োজন থাকবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘এত কার্ড দিয়ে কী করবে, একটা কার্ড দিয়ে সব ফ্যাসিলিটি যাতে এনজয় করা যায়— সেই লক্ষ্যে আমরা কাজ করছি।’

মঙ্গলবার (২ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক এবং সচিব মোখতার হোসেন উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিই এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। মধ্যপ্রাচ্যের রেমিট্যান্স যোদ্ধাদের পাশাপাশি ইউরোপ কিংবা লাতিন আমেরিকায় বসবাসরত বাংলাদেশিরাও এই সুবিধার আওতায় আসবেন।

নতুন এই কার্ডের কার্যকারিতা সম্পর্কে আরিফুল হক চৌধুরী বলেন, ‘এই কার্ডটি মূলত একটি ক্রেডিট কার্ডের মতো কাজ করবে। আবেদনের জন্য একটি নির্দিষ্ট সেল থাকবে, সেখানে প্রবাসীরা আবেদন করবেন। এরপর যথাযথ যাচাই-বাছাই শেষে যারা পাওয়ার যোগ্য, তাদেরই কেবল এই প্রবাসী কার্ড দেওয়া হবে।’

কার্ডধারীরা কী ধরনের সুবিধা পাবেন, তা এখনো চূড়ান্ত করা হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, প্রবাসীদের বিভিন্ন নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ চলছে। এর মধ্যে বৈদেশিক মুদ্রা বা কারেন্সি সুবিধা, সহজে ও দ্রুত রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে বিশেষ বেনিফিট এবং ব্যাংক পেমেন্টের গেটওয়ে নির্ধারণের মতো বিষয়গুলো নিয়ে ভাবা হচ্ছে। এই কার্ডটি একই সঙ্গে ডিজিটাল পরিচয়পত্র হিসেবে গণ্য হবে এবং এর সঙ্গে ট্র্যাকিং সিস্টেম যুক্ত থাকবে।

প্রবাসীদের জন্য বিভিন্ন সরকারি ও জরুরি সেবা সহজ করার পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘প্রবাসী কার্ড দিয়ে ভূমি সংক্রান্ত সেবা দেওয়ার বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এ জন্য ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের আলোচনা চলছে। কোনো প্রবাসী এই কার্ড দেখালে যাতে অগ্রাধিকার ভিত্তিতে সেবা পান এবং হাসপাতালে গেলে আলাদা প্রায়োরিটি বা বিশেষ সুবিধা পান— আমরা সেসব জায়গায় একটি বড় পরিবর্তন আনতে চাচ্ছি।’ 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ