হামের উপসর্গে তিন মৃত্যু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০১-০৬-২০২৬ ০৫:১৭:১৮ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৬-২০২৬ ০৫:৩৮:৩৭ অপরাহ্ন
প্রতীকী ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, মৃত ব্যক্তিদের মধ্যে একজন সিলেট, একজন ময়মনসিংহ এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত দৈনিক স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার (৩১ মে) সকাল ৮টা থেকে সোমবার (১ জুন) সকাল ৮টা পর্যন্ত দেশে ১ হাজার ১৩৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ৪৫ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত করা হয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৭২ হাজার ৭০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯ হাজার ৯৪ জনের হাম পরীক্ষায় নিশ্চিত হয়েছে। একই সময়ে হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৯৮ জনে দাঁড়িয়েছে, যদিও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯০।
বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫০০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রামে ১৯২ জন, বরিশালে ১২৯ জন এবং সিলেটে ৭৯ জন রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। তাই শিশুদের নির্ধারিত সময়ে হাম-রুবেলা টিকা নিশ্চিত করা, জ্বর ও শরীরে ফুসকুড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় এ পর্যন্ত ১ কোটি ৮৪ লাখ ৫০ হাজার ৬৫৯ জন শিশুকে টিকা প্রদান করা হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ১০২ শতাংশ।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, টিকাদান কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধি না করলে হামের সংক্রমণ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অভিভাবকদের শিশুদের টিকাদান সম্পন্ন করার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত স্বাস্থ্যসেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স