ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬ , ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​আবারো পিডিবির দায়িত্বে প্রকৌশলী রেজাউল করিম

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৬-২০২৬ ০৪:৫৭:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৬-২০২৬ ০৪:৫৭:৩৫ অপরাহ্ন
​আবারো পিডিবির দায়িত্বে প্রকৌশলী রেজাউল করিম ​ফাইল ছবি
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বর্তমান চেয়ারম্যান মো. রেজাউল করিমকে অবসর-উত্তর ছুটি স্থগিত করে আগামী একবছরের জন্য একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সোমবার (১ জুন ২০২৬) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

এদিকে, রেজাউল করিমের পুন:নিয়োগে পিডিবির প্রকৌশলী ও কর্মকর্তারা বাংলাস্কুপকে জানিয়েছেন, তিনি শুধু একজন দক্ষ প্রকৌশলীই নন, একজন দক্ষ সংস্থাপ্রধানও। তিনি প্রথমবার পিডিবির চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর প্রতিষ্ঠানটি অনেক দূর এগিয়ে গিয়েছে। বৈশ্বিক জ্বালানি খাত টালমাটাল হওয়ার পরও তিনি দক্ষতার সঙ্গে দেশের বিদ্যুৎ খাত সামলেছেন। বর্তমান বিএনপি সরকার তাঁর দক্ষতাকে মূল্যায়ন করে পুনরায় নিয়োগ দিয়েছে।

এর আগে প্রকৌশলী মো. রেজাউল করিম ২০২৪ সালে ১ সেপ্টেম্বর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৩৯তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ওই পদে যোগদানের পূর্বে তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সদস্য (বিতরণ) হিসেবে দায়িত্ব পালন করেন। একই বছরের ২২ আগস্ট বিদ্যুৎ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনে তাকে বিউবোর চেয়ারম্যান নিযুক্ত করা হয়। 

মো. রেজাউল করিম ১৯৬৭ সালের ৭ জুন বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৯ সালে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে বিএসসি, ইঞ্জিনিয়ারিং (তড়িৎ) ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯১ সালের ১৭ আগস্ট সহকারী প্রকৌশলী হিসেবে খুলনা বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি একই বিদ্যুৎকেন্দ্রে উপ-বিভাগীয় প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
 
এছাড়াও এপ্রিল ২০১৮ সালে তাকে উপ-প্রকল্প পরিচালক হিসেবে মৈত্রী সুপার থারমাল পাওয়ার প্ল্যান্ট, বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড-এ লিয়েনে বিউবো কর্তৃক পদস্থ করা হয়। ১৭ ফেব্রুয়ারি ২০২২ সালে অতিঃ প্রধান প্রকৌশলী এবং ৩ জানুয়ারি ২০২৩ সাল হতে ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত প্রধান প্রকৌশলী, বিতরণ দক্ষিণাঞ্চল, বিউবো, চট্টগ্রাম হিসেবে দায়িত্ব পালন করেন।
 
প্রশিক্ষণ ও পেশাগত কাজে তিনি চেক রিপাবলিক, চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারত, আমেরিকা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ে সন্তানের বাবা।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ