ঈদের বাড়তি আকর্ষণ ‘ডোনাল্ড ট্রাম্প’, চিড়িয়াখানায় ভিড়
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৮-০৫-২০২৬ ১১:৫৫:৪৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-০৫-২০২৬ ১১:৫৬:২৭ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুরে ঢাকা জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। পবিত্র ঈদুল আজহার দিন বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে এই চিত্র দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, ঈদের দিন জাতীয় চিড়িয়াখানা অনেকটাই ফাঁকা থাকলেও যাঁরা এসেছেন, তাঁদের বেশিরভাগই একবারের জন্য হলেও ‘এল-০৭’ খাঁচার সামনে গিয়ে ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটি দেখছেন। ফলে অন্যান্য খাঁচার তুলনায় এখানে দর্শনার্থীদের ভিড় বেশি দেখা যায়।
খাঁচার সামনে মহিষটির পরিচয়পত্র ঝুলানো রয়েছে, যেখানে লেখা আছে ‘সাদা মহিষ (ডোনাল্ড ট্রাম্প)’ এবং ইংরেজিতে ‘অ্যালবিনো বাফেলো’।
রূপনগর থেকে আসা শিক্ষার্থী আজমিরা আক্তার বলেন, “খবরে জেনেছি ডোনাল্ড ট্রাম্পকে চিড়িয়াখানায় আনা হয়েছে। মোবাইলে যেমন দেখেছি, বাস্তবেও তেমনই লাগছে।”
মিরপুর থেকে আসা দর্শনার্থী মেহেদী হাসান বলেন, ‘তিনি আগে থেকেই বিষয়টি জানতেন এবং চিড়িয়াখানার ভেতরে জিজ্ঞেস করে খাঁচাটি খুঁজে বের করেছেন।’
চিড়িয়াখানায় দায়িত্ব পালন করা ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক বিষ্ণু ব্রত মল্লিক বলেন, দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য পুলিশ সদস্যরা খাঁচার সামনে দায়িত্ব পালন করছেন।
জাতীয় চিড়িয়াখানার কিউরেটর মো. আতিকুর রহমান জানান, মহিষটি গতকাল রাত ১১টায় আনা হয়েছে এবং সকাল থেকেই দর্শনার্থীদের আগ্রহ দেখা যাচ্ছে। তিনি বলেন, “এটি নতুন প্রাণী হওয়ায় মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।”
তিনি আরও জানান, পরিবহনের সময় মহিষটির গায়ে সামান্য আঁচড় লেগেছিল, তবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং এটি গুরুতর নয়।
অ্যালবিনো জাতের এই মহিষটি আগে নারায়ণগঞ্জের একটি খামারে লালন-পালন করা হচ্ছিল। এর সাদা রঙ ও চুলের গঠন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল থাকায় নামকরণ করা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।
এর আগে খামারে থাকা অবস্থায় মহিষটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয় এবং দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
পরে মহিষটি কেরানীগঞ্জে নেওয়া হলেও ঈদের আগের দিন সেটি জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স