বর্তমান সরকারের আমলে জনগণ বাক স্বাধীনতা ভোগ করছে : স্পিকার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৮-০৫-২০২৬ ১১:৩০:৪৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-০৫-২০২৬ ১১:৩০:৪৫ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ পাচ্ছে এবং রাজনৈতিক বিশ্বাসের কারণে কাউকে নিগ্রহের শিকার হতে হচ্ছে না।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে ভোলার লালমোহন উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। বর্তমান সময়ে মানুষের মধ্যে আতঙ্ক কমেছে এবং গণতান্ত্রিক পরিবেশ আরও সুসংহত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আশা প্রকাশ করেন, দেশে গণতন্ত্র স্থায়ী ভিত্তি পাবে এবং ভবিষ্যতে রাজনৈতিক কারণে কেউ নিপীড়নের শিকার হবে না।
তিনি বলেন, দেশের একটি বড় জনগোষ্ঠী অর্থনৈতিক চাপে রয়েছে। সচ্ছল ও অসচ্ছল সবাই যেন একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে মানবিক সমাজ গড়ে তুলতে পারে, সে জন্য মহান আল্লাহর রহমত কামনা করেন তিনি।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, জনগণের প্রত্যাশা পূরণে গণতান্ত্রিক সরকার ভবিষ্যতেও কাজ করবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সাধারণ মানুষের কল্যাণে সরকার আরও কার্যকর ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সমকালীন বিশ্ব পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ নানা সংকট ও চ্যালেঞ্জের মুখোমুখি। বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম উম্মাহর ঐক্য ও স্থিতিশীলতা জরুরি।
নিজের জন্মস্থানের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে আনন্দ প্রকাশ করে স্পিকার বলেন, স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় লালমোহন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স