ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’ নির্মাতার রহস্যজনক মৃত্যু
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৭-০৫-২০২৬ ০৫:২৩:১৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০৫-২০২৬ ০৫:২৩:১৯ অপরাহ্ন
ফাইল ছবি
জনপ্রিয় নির্মাতা অনীক দত্ত মারা গেছেন। বুধবার (২৭ মে) দুপুরে কলকাতার হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে যান তিনি। পরে ঢাকুরিয়ার কাছে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থা সংকটজনক বলে জানান চিকিৎসকেরা। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত অসুখে ভুগছিলেন পরিচালক। পরে সেখানেই তার মৃত্যু হয়।
তবে কীভাবে তিনি ছাদ থেকে পড়ে গেলেন- বিষয়টি এখনও স্পষ্ট নয়। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই বহুতল ভবনে অনীকের স্ত্রী বাস করতেন। অনীক থাকতেন গড়িয়াহাট থানার সামনের একটি বাড়িতে। বুধবার দুপুরে স্ত্রীর ফ্ল্যাটে আসেন তিনি। এর কিছুক্ষণ পর তিনি ছয় তলা ভবনের ছাদ থেকে পড়ে যান তিনি। ভবনের গা ঘেঁষে থাকা একটি গাছের ডালও ভেঙে যায়। ছাদ থেকে পড়ার সময় অনীক ওই গাছে ধাক্কা খান বলে মনে করা হচ্ছে। ঘটনার সময় বাড়িতেই ছিলেন অনীকের স্ত্রী। তবে অনীক দুর্ঘটনাবশত পড়ে যান, না কি নেপথ্যে অন্য কোনো কারণ ছিল, তা এখনও স্পষ্ট হয়নি।
২০১২ সালে মুক্তি পাওয়া তার প্রথম সিনেমা ‘ভূতের ভবিষ্যৎ’ দিয়ে বাংলা চলচ্চিত্র অঙ্গনে এক বড়সড় বিপ্লব ঘটিয়েছিলেন অনীক দত্ত। ভূতের গল্পের মোড়কে সমাজব্যবস্থা ও সমসাময়িক রাজনীতির ওপর তার করা তীক্ষ্ণ ব্যঙ্গ-বিদ্রূপ সিনেমাটিকে আধুনিক বাংলা চলচ্চিত্রের অন্যতম ‘মাইলফলক’ হিসেবে প্রতিষ্ঠিত করে। এরপর ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত তার দ্বিতীয় ছবি ‘আশ্চর্য প্রদীপে’ তিনি একই রকম সমাজসচেতনতার বার্তা তুলে ধরেন।
সমকালীন বাংলা সিনেমার ধারায় অনীক দত্তের কাজ ছিল সম্পূর্ণ ভিন্ন ও বৈচিত্র্যময়। ব্যঙ্গাত্মক উপস্থাপন, প্রখর রসবোধ আর সাহিত্যনির্ভর গল্পের অনন্য মিশ্রণে তিনি নিজের একটি আলাদা ঘরানা তৈরি করেছিলেন। গতানুগতিক বিনোদনের বাইরে গিয়ে তার প্রতিটি নির্মাণেই স্পষ্ট থাকত গভীর সামাজিক পর্যবেক্ষণ।
কলকাতায় জন্ম নেওয়া অনীক দত্ত পড়াশোনা করেছেন ঐতিহ্যবাহী কলকাতা বিশ্ববিদ্যালয়ে। রূপালি পর্দায় পা রাখার আগে তিনি একটি বিজ্ঞাপনী সংস্থায় দীর্ঘ সময় কপিরাইটার বা বিজ্ঞাপনের ভাষা রচয়িতা হিসেবে কর্মরত ছিলেন। বিজ্ঞাপন জগতের সেই কাজের সূক্ষ্ম অভিজ্ঞতা পরবর্তী সময়ে তার চলচ্চিত্রের সংলাপে, বুদ্ধিদীপ্ত দৃশ্য নির্মাণে এবং যেকোনো বিষয়কে রসাত্মকভাবে ফুটিয়ে তোলার ক্ষেত্রে বিশাল ভূমিকা রেখেছিল।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স