ঢাকা , বুধবার, ২৭ মে ২০২৬ , ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​মেট্রোরেলের নিচে অবৈধ পশুর হাট উচ্ছেদ, যান চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ১২:১০:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ১২:১০:৩৪ অপরাহ্ন
​মেট্রোরেলের নিচে অবৈধ পশুর হাট উচ্ছেদ, যান চলাচল স্বাভাবিক ​ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর দিয়াবাড়ি পশুর হাটে সৃষ্ট যানজট নিরসনে কঠোর পদক্ষেপ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগ। মেট্রোরেল স্টেশনের নিচে ও সড়কের ওপর অবৈধভাবে বসানো পশুর হাট উচ্ছেদ করে যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ।

বুধবার (২৭ মে) ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন দিয়াবাড়ি পশুর হাট এবার দেশের অন্যতম বড় ও সর্বোচ্চ ইজারামূল্যের হাট হিসেবে ব্যাপক জমে উঠেছে।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাক ও নৌপথে বিপুলসংখ্যক কোরবানির পশু সেখানে আনা হচ্ছে। বিশেষ করে বড় আকৃতির গরুর উপস্থিতি ক্রেতাদের বাড়তি আকর্ষণ সৃষ্টি করেছে।

তবে হাটের নির্ধারিত সীমানা অতিক্রম করে মেইন রোড ও মেট্রোরেল স্টেশনের নিচে পশু বেঁধে রাখায় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

এ পরিস্থিতিতে ডিএমপির উত্তরা বিভাগের পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশু সরিয়ে দেয় এবং বিকল্প ডাইভারশন ব্যবস্থা চালু করে যান চলাচল স্বাভাবিক করে।

পরে হাটের ইজারাদারকে ঘটনাস্থলে ডেকে কঠোরভাবে সতর্ক করা হয়। পুলিশ জানায়, সড়কে পশু রাখা বা হাট বসানো সম্পূর্ণ নিষিদ্ধ। নির্দেশনা অমান্য করলে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন পশুর হাটে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ