আরও তীব্র হামলার ঘোষণা
লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩১
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৭-০৫-২০২৬ ১১:৫৪:৫১ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৭-০৫-২০২৬ ১১:৫৪:৫১ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত
দক্ষিণ ও পূর্ব লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার অঙ্গীকার করার পর হামলার এ ঘটনা ঘটেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
লেবাননের বিভিন্ন আবাসিক এলাকা, অবকাঠামো ও সীমান্তঘেঁষা অঞ্চলে একযোগে হামলা চালানো হয়। স্থানীয় সাম্প্রতিক সময়ে এটিই সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি। হামলার পর বহু এলাকায় ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ার আশঙ্কা রয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর শতাধিক স্থাপনা ও যোদ্ধাকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিকে সবচেয়ে বড় সামরিক অভিযান বলেও উল্লেখ করেছে তারা।
এর আগে, সোমবার (২৫ মে) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। মঙ্গলবার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে তিনি জানান, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান আরও জোরদার করা হচ্ছে।
নেতানিয়াহু বলেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী স্থলভাগে বড় আকারের অভিযান পরিচালনা করছে এবং গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণে নিচ্ছে। উত্তর ইসরায়েলের জনবসতিকে হিজবুল্লাহর হামলা থেকে সুরক্ষা দিতেই নিরাপত্তা অঞ্চল শক্তিশালী করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
এদিকে চলমান যুদ্ধবিরতি বারবার লঙ্ঘনের ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান জটিল কূটনৈতিক আলোচনাও এতে বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এর মধ্যেই মঙ্গলবার (২৬ মে) দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সমুদ্রপথে মাইন পেতে রাখা নৌযানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
সূত্র : বিবিসি
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স