ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে বিদ্যুৎ বিভ্রাট হলে মসজিদে ঘোষণার নির্দেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০১:৪১:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০২:৪৪:৫৯ অপরাহ্ন
ঈদে বিদ্যুৎ বিভ্রাট হলে মসজিদে ঘোষণার নির্দেশ
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বিদ্যুৎ বিভ্রাট বা সরবরাহ বন্ধের তথ্য দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছে দিতে স্থানীয় মসজিদে ঘোষণার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ জন্য দেশের বিভিন্ন এলাকার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের নাম, ঠিকানা এবং মোবাইল নম্বরের তালিকা বিদ্যুৎ বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদকালীন সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিভাগ ও এর অধীনস্থ সব দপ্তর-সংস্থাকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ বা আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের কারণে সরবরাহ বন্ধ থাকলে গ্রাহকদের আগাম অবহিত করতে হবে।

এ লক্ষ্যে স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রগুলোকে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পাশাপাশি স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমে ঘোষণা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট এলাকার মসজিদের নাম, ইমাম ও মুয়াজ্জিনদের নাম এবং মোবাইল নম্বর সংগ্রহ করে বিদ্যুৎ বিভাগে পাঠাতে হবে। একই সঙ্গে এসব তথ্য বিতরণকারী সংস্থা ও কোম্পানির ওয়েবসাইটেও আপলোড করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে ঈদ উপলক্ষে দেশব্যাপী বিদ্যুৎ পরিস্থিতি তদারকিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ অবস্থান এলাকায় সরেজমিন পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। পরিদর্শন শেষে তাদের প্রতিবেদন বিদ্যুৎ বিভাগের সচিবের কাছে জমা দিতে হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, ঈদ উপলক্ষে নির্দেশনা মোতাবেক দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ঈদের পর বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সন্ধ্যা ৭টায় দোকান-ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল যথারীতি বন্ধ রাখতে হবে। বিদ্যুৎ বিভাগ আশা করছে যে, সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় ঈদকালীন দেশব্যাপী বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল রাখা সম্ভব হবে।

এদিকে, পৃথক বার্তায় দেশের যে কোন এলাকায় কোন ধরনের অস্বাভাবিক লোডশেডিং/ বিদ্যুৎ বিভ্রাটের খবর পেলে তা জানানোর জন্য বিদ্যুৎ বিভাগ ও এর অধীনস্থ সকল দপ্তর/সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের  অনুরোধ করেছেন মন্ত্রণালয়ের পিআরও মুহাম্মদ আরিফ সাদেক। বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। 

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ