ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে নিবিড় তদারকির নির্দেশনা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০১:৪১:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০১:৪১:০৪ অপরাহ্ন
​ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে নিবিড় তদারকির নির্দেশনা
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ ও এর অধীনস্থ সকল দপ্তর/সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল বা অবস্থানস্থলের বিদ্যুৎ পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা ঈদের ছুটিতে যে এলাকায় অবস্থান করবেন, সেখানকার বিদ্যুৎ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন। একই সঙ্গে তাঁরা পরিদর্শন সংক্রান্ত একটি প্রতিবেদন সচিব, বিদ্যুৎ বিভাগ বরাবর প্রেরণ করবেন।

মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ এবং আকস্মিক  বিদ্যুৎ-বিভ্রাটজনিত কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকাকালীন গ্রাহক অসন্তোষ কমানোর লক্ষ্যে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে গ্রাহকদের অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমেও গ্রাহকদের অবহিত করতে বলা হয়েছে।

এ উদ্দেশ্যে স্থানীয় মসজিদের নাম এবং সংশ্লিষ্ট ইমাম/মুয়াজ্জিনদের নাম ও মোবাইল নম্বর বিদ্যুৎ বিভাগে প্রেরণের পাশাপাশি বিতরণকারী সংস্থা/কোম্পানির ওয়েবসাইটে আপলোড করতেও বলা হয়েছে।

উল্লেখ্য, ঈদ উপলক্ষে নির্দেশনা মোতাবেক দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ঈদের পর বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সন্ধ্যা ৭টায় দোকান-ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল যথারীতি বন্ধ রাখতে হবে।

বিদ্যুৎ বিভাগ আশা করছে যে, সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় ঈদকালীন দেশব্যাপী বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল রাখা সম্ভব হবে।

এদিকে, পৃথক বার্তায় দেশের যে কোন এলাকায় কোন ধরনের অস্বাভাবিক লোডশেডিং/ বিদ্যুৎ বিভ্রাটের খবর পেলে তা জানানোর জন্য বিদ্যুৎ বিভাগ ও এর অধীনস্থ সকল দপ্তর/সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের  অনুরোধ করেছেন মন্ত্রণালয়ের পিআরও মুহাম্মদ আরিফ সাদেক। বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। 

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ