রামিসা হত্যার বিচার সাতদিনের মধ্যেই: স্বরাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৪-০৫-২০২৬ ০২:২০:২৪ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০৫-২০২৬ ০২:২১:৪৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা মামলার বিচার সাতদিনের মধ্যেই সম্পন্ন করে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৪ মে) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্যাতন ও ধর্ষণের ঘটনা সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে। এসব ঘটনায় দ্রুত আসামিদের গ্রেপ্তারে সরকার কাজ করছে এবং এ ধরনের অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।’ তিনি বলেন, ‘রামিসার ঘটনায় মাত্র সাত ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘রামিসা হত্যা মামলার চার্জশিট আজই দাখিল করা হবে। আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যেই বিচারকাজ সম্পন্ন করে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।’
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এ সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স