ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৬:৩০:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৬:৩৩:৪৮ অপরাহ্ন
রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী ​ছবি: সংগৃহীত
রাজধানীর পল্লবীতে শিশু রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘সেই সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড।’

শনিবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন মঞ্চে প্রধানমন্ত্রী এমন ঘোষণা দেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধে চূড়ান্ত অবক্ষয়ের প্রমাণ মিলেছে। এ বিষয়ে একটি কথা আজকের এই অনুষ্ঠানে আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না।’

তিনি আগামী এক মাসের মধ্যে শাস্তি নিশ্চিতের ঘোষণা দিয়ে বলেন, ‘যাতে করে ভবিষ্যতে আর কোনও ব্যক্তি এভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়।’

তারেক রহমান বলেন, ‘একটি নিরাপদ মানবিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। একইসঙ্গে আমাদের জাতীয় জীবনে পুনরায় বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের পুনর্জীবন ঘটাতে হবে।’

জাতীয় ইতিহাসে কাজী নজরুল ইসলাম একটি অবিস্মরণীয় নাম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম বিশ্ব-সাহিত্য দরবারে আরও বেশি ছড়িয়ে দেয়া প্রয়োজন। তার জীবনবোধ ও জীবন-দর্শনকে প্রজন্মের পর প্রজন্মে পৌঁছে দিতে হবে। এর অংশ হিসেবে জাতীয় কবির স্মৃতিবিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণা করা যায় কিনা, সংশ্লিষ্টদের সে বিষয়টি বিবেচনার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে ৩ দিনব্যাপী উৎসবের উদ্বোধন ঘোষণা করে তিনি বলেন, আসুন জাতীয় কবির জন্মদিনে আমরা অন্যায়-অবিচার, ক্ষুধা-দারিদ্র ও বিপদের গ্লানি মুছে ফেলি। সবার আগে বাংলাদেশকে ধারণ করি। একটি সমৃদ্ধ, স্বনির্ভর গণতান্ত্রিক বাংলাদেশের জন্য নিজেদের নিবেদিত করার প্রত্যয়ে আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ৩ দিনব্যাপী উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করছি।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ