ট্রেনের ছাদে চড়া ঠেকাতে কঠোর রেলওয়ে
ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় হবে না: রেল সচিব
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৩-০৫-২০২৬ ০১:৪৩:৪৭ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৫-২০২৬ ০১:৪৩:৪৭ অপরাহ্ন
ফাইল ছবি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। এবার কোনো ধরনের শিডিউল বিপর্যয় হবে না বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ট্রেনে অতিরিক্ত যাত্রী হয়ে ছাদে ওঠা ঠেকাতে রেলওয়ে স্টেশনগুলোতে কঠোর অবস্থান ও ভ্রাম্যমাণ আদালত বসানো হয়েছে।
শনিবার (২৩ মে) রজাধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।
স্টেশনের সার্বিক নিরাপত্তা ও টিকিট কালোবাজারি রোধে নেয়া পদক্ষেপের কথা উল্লেখ করে সচিব জানান, টিকিটবিহীন যাত্রীদের স্টেশনে প্রবেশ ঠেকাতে এবার তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৈধ টিকিট ছাড়া কাউকেই প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তবে সাধারণ ও শ্রমজীবী মানুষের যাতায়াতের সুবিধার্থে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং (আসনবিহীন) টিকিট দেয়া হচ্ছে।
রেলওয়ে সূত্র জানায়, ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে এবার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হয়েছে। সকাল থেকেই কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। তবে কড়া নিরাপত্তার কারণে টিকিট ছাড়া কেউ ভেতরে প্রবেশ করতে পারছেন না।
শৃঙ্খলা বজায় রাখতে স্টেশনের প্রতিটি প্রবেশপথে রেলওয়ে পুলিশ (জিআরপি), নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও ছাদে ভ্রমণ রুখতে স্টেশন এলাকায় সার্বক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স