ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​মোদিকে ‘সাপুড়ে’ সাজিয়ে নরওয়ের সংবাদপত্রে কার্টুন প্রকাশ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০৪:৪৩:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০৪:৪৩:০৭ অপরাহ্ন
​মোদিকে ‘সাপুড়ে’ সাজিয়ে নরওয়ের সংবাদপত্রে কার্টুন প্রকাশ ​ছবি: সংগৃহীত
নরওয়ের একটি সংবাদপত্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে প্রকাশিত এক কার্টুন ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কার্টুনে মোদিকে ‘সাপুড়ে’ হিসেবে দেখানো হয়, যা অনেকেই বর্ণবাদী ও ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন বলে সমালোচনা করছেন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নরওয়ের 'দৈনিক আফটেনপোস্টেন' কার্টুনটি প্রকাশ করেছিলো। 

কার্টুনটিতে মোদিকে একজন সাপুড়ে হিসেবে চিত্রিত করা হয়েছে এবং তার হাতে সাপের আকৃতির একটি জ্বালানি পাম্পের পাইপ দেখানো হয়েছে, যা দেশটিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ইঙ্গিত বলে ধারণা করা হচ্ছে। মূলত, পাঁচদিনের মধ্যে ভারতে দুইদফায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। ছবিটি ভারতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সাধারণ মানুষের ওপর ক্রমবর্ধমান চাপকে 'মেটাফোরের' মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।  

পাশাপাশি প্রকাশিত একটি মতামত নিবন্ধে তাকে ‘চতুর এবং কিছুটা বিরক্তিকর’ ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়।

কার্টুনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই এটিকে অপমানজনক এবং পুরনো ঔপনিবেশিক স্টেরিওটাইপের পুনরাবৃত্তি বলে আখ্যা দেন। এক্সে অনেকে বলেন, এ ধরনের চিত্রায়ণ ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রীর প্রতি অসম্মানজনক এবং বিদেশি মিডিয়ার একপেশে দৃষ্টিভঙ্গি প্রকাশ করে।

তবে, অন্য একটি পক্ষ আবার এই বিতর্ককে অতিরঞ্জিত বলেও মন্তব্য করেছে এবং ভারতের কিছু গণমাধ্যমের প্রতিক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। এখন পর্যন্ত ভারতের সরকার বা প্রধানমন্ত্রীর দফতর এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এই বিতর্কের পেছনে আরেকটি ঘটনাও ভূমিকা রেখেছে। নরওয়েতে মোদির সরকারি সফরের সময় একটি সংবাদ সম্মেলনে এক নরওয়েজিয়ান সাংবাদিকের প্রশ্নের সরাসরি উত্তর না দেওয়াকে কেন্দ্র করে অনলাইনে আলোচনা শুরু হয় এবং বিষয়টি ভাইরাল হয়ে পড়ে। পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদাভাবে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেয়।

প্রসঙ্গত, বৈশ্বিক সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে নরওয়ে বর্তমানে শীর্ষস্থানে রয়েছে, আর ভারতের অবস্থান সাম্প্রতিক সূচকে ১৭৫-এ নেমে এসেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক ব্যঙ্গচিত্রের সীমা এবং সাংস্কৃতিক সংবেদনশীলতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

এর আগে, ২০২২ সালেও, স্প্যানিশ একটি সংবাদপত্র একই ধরনের ‘সাপুড়ে’ প্রতীক ব্যবহার করে ভারতকে নিয়ে কার্টুন প্রকাশ করায় বিতর্ক তৈরি হয়েছিল।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ