খুমেক হাসপাতালে আগুন, অক্সিজেন না পেয়ে রোগীর মৃত্যু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২০-০৫-২০২৬ ০৩:৫৮:১৭ অপরাহ্ন
আপডেট সময় :
২০-০৫-২০২৬ ০৪:০৭:৩৯ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আইসিইউ থেকে রোগীদের দ্রুত সরিয়ে নেওয়ার পথে অক্সিজেন সরবরাহ ব্যাহত হয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া প্রাণ বাঁচাতে তিনতলা থেকে লাফ দিয়ে তিনজন নার্স আহত হয়েছেন।
বুধবার সকাল ৬টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় জরুরি অপারেশন থিয়েটারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রোগীর নাম শেখ আবুল হাসেম (৯৬)। তিনি দিঘলিয়া উপজেলার বাসিন্দা। আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। দুর্ঘটনার পর বাইরে সরিয়ে নেওয়া হলে হাসপাতালের বারান্দায় তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ বিকট শব্দে একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের ধোঁয়া ও বিস্ফোরণের শব্দে চিকিৎসক, নার্স, রোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়।
পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে পাশের আইসিইউ কক্ষ থেকে রোগীদের শয্যাসহ দ্রুত বাইরে সরিয়ে নেওয়া হয়।
এদিকে আগুন ও ধোঁয়ার হাত থেকে বাঁচতে তৃতীয় তলা থেকে লাফিয়ে নিচে পড়ে তিনজন নার্স আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, 'খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।'
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস ইতিমধ্যে কাজ শুরু করেছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স