ঢাকা , বুধবার, ২০ মে ২০২৬ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে ভারী বৃষ্টিতে মৃত বেড়ে ২২, এখনো নিখোঁজ ২০

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২০-০৫-২০২৬ ১২:১৭:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৫-২০২৬ ১২:১৭:৪৪ অপরাহ্ন
চীনে ভারী বৃষ্টিতে মৃত বেড়ে ২২, এখনো নিখোঁজ ২০ ছবি : সংগৃহীত
চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলে টানা ভারী বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে পৌঁছেছে। এছাড়া আরও অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

কয়েক দিনের রেকর্ড পরিমাণ বৃষ্টিতে বিভিন্ন এলাকায় বন্যা, ভূমিধস ও অবকাঠামো ক্ষতির ঘটনা ঘটেছে। পরিস্থিতির কারণে অনেক জায়গায় স্কুল-কলেজ ও কর্মস্থল বন্ধ ঘোষণা করা হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, মধ্যাঞ্চলের হুনান প্রদেশে পাঁচজন নিহত এবং ১১ জন নিখোঁজ হয়েছেন। সেখানে ভারী বর্ষণে অন্তত ৬১ হাজার ৫০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

দক্ষিণাঞ্চলের গুয়াংসি অঞ্চলে ফুলে ওঠা নদী পার হওয়ার সময় একটি ট্রাক নদীতে পড়ে গেলে ১০ জনের মৃত্যু হয়। ঘটনাটি শনিবার সন্ধ্যায় ঘটলেও মঙ্গলবার নিহতদের সংখ্যা নিশ্চিত করা হয়।

এছাড়া পার্শ্ববর্তী গুইঝৌ প্রদেশে ভারী বৃষ্টিতে চারজন নিহত ও পাঁচজন নিখোঁজ হয়েছেন।

মধ্যাঞ্চলের হুবেই প্রদেশেও বন্যায় তিনজন মারা গেছেন এবং চারজন নিখোঁজ রয়েছেন। সেখানে প্রবল বৃষ্টিতে কয়েকটি স্থাপনা ধসে পড়েছে এবং কিছু গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য চীনা সরকার ১২ কোটি ইউয়ান জরুরি ত্রাণ তহবিল বরাদ্দ দিয়েছে। পাশাপাশি গুইঝৌ প্রদেশের জন্য অতিরিক্ত ৩ কোটি ইউয়ান সহায়তা ঘোষণা করা হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, হুনান, গুইঝৌ ও হুবেই প্রদেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২৪ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিনও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, জীবাশ্ম জ্বালানির কারণে বৈশ্বিক উষ্ণতা বাড়ায় পৃথিবীতে চরম আবহাওয়া পরিস্থিতির তীব্রতা ও ঘনঘটা আরও বাড়ছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ