ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-০৫-২০২৬ ০৮:৪৭:৫৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৫-২০২৬ ০৮:৪৭:৫৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে সুপারিশসহ সংসদে রিপোর্ট প্রদানের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির ২য় বৈঠক কমিটির সভাপতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) জাতীয় সংসদ ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মঈনুল ইসলাম খান, মো. সাইফুল আলম, মো. নূরুল ইসলাম, মো. আব্দুল বাতেন, মো. আবুল হাসনাত ও মোহাম্মদ আবুল হাসান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিতকল্পে গৃহীত প্রকল্প, নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গৃহীত নীতিমালা/গাইডলাইন ও বর্তমান চিত্র নিয়ে প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়। বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ফিলিং স্টেশন স্থাপন, পরিচালনা ও ব্যবস্থাপনা নীতিমালা যুগোপযোগীকরণের কাজ চলমান রয়েছে। গ্যাস বিপণন নিয়মাবলী ২০১৪ হালনাগাদপূর্বক গ্যাস বিপণন নিয়মাবলি ২০২৬ প্রণয়ন করা হয়েছে।
বৈঠকে আরও জানানো হয়, জ্বালানি তেলের জন্য চট্টগ্রাম-ঢাকা তেল পাইপ লাইনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জুন মাসের শেষে পুরোদমে পাইপ লাইনের মাধ্যমে তেল সরবরাহ করা হবে। বৈঠকে দেশের চলমান জ্বালানি পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয়ের উপর পর্যালোচনা করা হয় এবং কমিটির সদস্যগণ তাদের মতামত প্রদান করেন।
বৈঠকে জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বিরোধীদলের সদস্যদের প্রয়োজনীয় পরামর্শ লিখিত আকারে কমিটির কাছে পাঠাতে আহ্বান জানানো হয়। কমিটি জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সুপারিশসহ সংসদে রিপোর্ট প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স